পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে মঙ্গলবার সকালেই আদালতে পেশ করেছে ইডি। সঠিক তথ্য পাওয়ার জন্য তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে দীর্ঘ জেরা করা আশু প্রয়োজন, তেমনই মনে করছেন ইডি আধিকারিকরা। নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আধিকারিকরা আদালতে আবেদন করবেন। তার আগে সুজিতের শারীরিক পরীক্ষা করা হয়।
উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি। সোমবার রাতে সুজিতকে গ্রেফতার করার পর মঙ্গলবার সকালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। সিজিও কমপ্লেক্সের ইডি দফতর থেকে সুজিতকে নিয়ে যাওয়া হয় বিধাননগর হাসপাতালে। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্কশাল আদালতে।










