২১ আশ্বিন ১৪৩৩ শুক্রবার ০৮ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ শুক্রবার ০৮ অক্টোবর ২০২৬

নক্ষত্র পতন; প্রয়াত অভিনেতা নানা পটেকর, শোকাহত চলচ্চিত্র জগৎ

ভারতীয় চলচিত্র জগতে আবারও নক্ষত্র-পতন। প্রয়াত হয়েছেন প্রবীণ অভিনেতা নানা পটেকের।

High News Digital Desk:

ভারতীয় চলচিত্র জগতে আবারও নক্ষত্র-পতন। প্রয়াত হয়েছেন প্রবীণ অভিনেতা নানা পটেকের। মৃত্যুকালে বর্ষীয়ান এই অভিনেতার বয়স হয়েছিল ৭৫ বছর। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে গোয়ায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ সংজ্ঞা হারান তিনি। চিকিৎসকদের চেষ্টাতেও তাঁকে বাঁচানো যায়নি।

বৃহস্পতিবার ভোরে বাড়িতে বুকে ব্যথা অনুভব করেন নানা। তার পরেই সংজ্ঞা হারিয়ে পড়ে যান তিনি। ভোর সওয়া ৫টা নাগাদ তড়িঘড়ি তাঁকে গোয়ার মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার আগে ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে তাঁকে বাঁচানোর শেষ চেষ্টা করেছিলেন সেখানকার চিকিৎসকেরা। কিন্তু চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ হয়। মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডাঃ শেখর সালকার বলেন, টানা ৪৫ মিনিট ধরে সিপিআর দেওয়ার পরেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। একটি মেডিকো-লিগাল কেস নথিভুক্ত করা হয়েছে এবং ময়নাতদন্ত করা হবে।

নানার আসল নাম বিশ্বনাথ পটেকর। তবে অভিনয় জীবনে নানা নামেই জনপ্রিয়তা পেয়েছেন তিনি। মূলত হিন্দি এবং মরাঠি সিনেমায় চুটিয়ে কাজ করেছেন। কাজ করেছেন তামিল সিনেমাতেও। ১৯৭৮ সালে গমন সিনেমা দিয়ে নানার অভিনয় জীবনের সূচনা হয়। চলচ্চিত্র এবং থিয়েটারে অভিনয়ে হাতেখড়ি হওয়ার আগে মুম্বইয়ের জেজে স্কুল অফ আর্ট-এ পড়াশোনা করেছিলেন নানা। চলতি বছরেই মুক্তি পাওয়া ‘সুবেদার’ সিনেমায় অনিল কপূরের সঙ্গে দেখা গিয়েছিল নানাকে। ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত বিশাল ভরদ্বাজের ‘ও রোমিয়ো’ সিনেমাতেও অভিনয় করেন বর্ষীয়ান এই অভিনেতা। ২০১৩ সালে নানাকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়। ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তী এই অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র জগৎ।

Scroll to Top