বৃহস্পতিবার রাতের সামান্য বৃষ্টিতেই গোঘাটের একাধিক এলাকার রাস্তায় জমে যায় জল, যার ফলে চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। জলের মধ্যে দিয়েই শুক্রবার সকালে রাস্তা পারাপার করতে হয় এলাকাবাসীদের।
গোঘাটের বেশ কয়েকটি রেল ব্রিজের নীচে রাস্তায় রয়েছে গর্ত| সেখানে হাঁটু সমান জল জমেছে। জলমগ্ন ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে এদিন সমস্যায় পড়েন পথচারী ও যানবাহন চালকরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান হয়নি। সামান্য বৃষ্টিতেই জল জমে রাস্তাগুলি কার্যত অচল হয়ে পড়ে। এদিন একটি টোটো ওই জলভর্তি গর্তে পড়ে যায়| এর ফলে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
এলাকাবাসীদের ক্ষোভ, প্রশাসনের উদাসীনতার কারণেই এই পরিস্থিতি। দ্রুত জলনিকাশি ব্যবস্থা ও রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা। না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।











