স্বস্তির বৃষ্টি হয়েই চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃহস্পতিবারও বৃষ্টি হয়েছে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলায়। সকাল থেকেই আকাশের মুখভার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারের পর থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেও আপাতত দুর্যোগের সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা কম। শনিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পরিমাণ কমতে পারে। আবহাওয়া থাকবে স্বস্তিদায়কই। দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর – এই সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুক্রবার থেকে উত্তরবঙ্গের কোনও জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম।











