বুধবার থেকে আবহাওয়ার উন্নতির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বলে পূর্বাভাস। তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং-সহ পার্বত্য পাঁচ জেলায় আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সর্তকতা জারি। শুক্রবার থেকে রবিবার অর্থাৎ সপ্তাহান্তে সেখানে বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ বাড়তে পারে।
হাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের মেঘ কেটে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আপাতত ঝড়বৃষ্টির কোনও সতর্কতা নেই। বৃষ্টির তীব্রতা এবং পরিমাণ কিছুটা কম হতে পারে এ দিন থেকে।
তবে, বুধবার থেকে রবিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। উপরের দিকের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। সপ্তাহান্তে শনি ও রবিবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।









