দাপট দেখিয়ে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলো। দ্বিতীয়ার্ধের শুরুতে ১০ জনের দলে পরিণত হওয়ার পর কোনও লড়াই-ই করতে পারল না দক্ষিণ আফ্রিকা।
মেক্সিকো সিটির বিখ্যাত আসতেকা স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে জিতেছে স্বাগতিকরা। শুরুতে হুলিয়ান কিনোনেস দলকে এগিয়ে দেন। ২০২৪ সালের জুনের পর মেক্সিকোর হয়ে এটি তার প্রথম গোল।
আর ২০০৬ সালে কোস্টা রিকার বিপক্ষে জার্মানির হয়ে ফিলিপ লামের ষষ্ঠ মিনিটে করা গোলের পর, বিশ্বকাপে দ্রুততম প্রথম গোল এটি।
আর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান রাউল হিমেনেস। জাতীয় দলের হয়ে ১২৭ ম্যাচে ৪৬টি গোল করলেন তিনি, বিশ্বকাপে এটি তার প্রথম গোল।
উল্লেখ্য, ২০১০ বিশ্বকাপের স্বাগতিক ছিল দক্ষিণ আফ্রিকা। তাদের বিপক্ষে মেক্সিকোর ম্যাচ দিয়ে শুরু হয়েছিল ওই আসর। ম্যাচটি হয়েছিল ১-১ ড্র। তবে এবার তারা চমক দেখানো দূরের কথা, প্রতিপক্ষকে কোনও চ্যালেঞ্জই জানাতে পারেনি।











