দক্ষিণবঙ্গে সক্রিয় বর্ষা। শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং তার সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।
শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বৃষ্টির সর্তকতা দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং বাঁকুড়ায়। বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দমকা হাওয়া বইতে পারে। শনিবারেও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কমবে বৃষ্টির ব্যাপকতা।
এদিকে, শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা কম উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।










