১ অগ্রহায়ণ ১৪৩৩ মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬

দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান নির্বাচিত জয় শাহ

High News Digital Desk:

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর চেয়ারম্যান পদে দ্বিতীয় মেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হলেন জয় শাহ। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসি-র বোর্ড বৈঠকে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য তাঁকে পুনরায় এই শীর্ষ পদে নিযুক্ত করার কথা ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। পুনর্নির্বাচিত হওয়ার পর আইসিসি বোর্ডের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জয় শাহ জানান, “আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে তাতে আমি গভীরভাবে সম্মানিত এবং প্রত্যেক ডিরেক্টরের নিরন্তর বিশ্বাস ও সমর্থনের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আইসিসি-র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা যেমন গর্বের, তেমনই এক বড় দায়িত্ব, এবং বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থকে এগিয়ে নিয়ে যেতে আমি আমাদের সদস্য দেশগুলির সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

আগামী ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তিকে বিশ্ব ক্রিকেটের জন্য এক বড় সুযোগ হিসেবে বর্ণনা করে জয় শাহ উল্লেখ করেন, “আমরা আমাদের খেলার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর একটি সময়ে প্রবেশ করছি। এলএ২৮ অলিম্পিক গেমসে ক্রিকেটের প্রত্যাবর্তন আমাদের খেলাকে নতুন দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও ভক্তদের অনুপ্রাণিত করার এক অসাধারণ সুযোগ এনে দিয়েছে।”

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরও জানান, “আমাদের দায়িত্ব কেবল সফল টুর্নামেন্ট আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ নয়। ভক্ত, ক্রীড়াবিদ, বাণিজ্যিক অংশীদার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের কথা মাথায় রেখে আমাদের এই খেলার জন্য আরও শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।” ক্রিকেটের ঐক্যবদ্ধ করার শক্তির ওপর জোর দিয়ে আইসিসি চেয়ারম্যান বলেন, “আমি সবসময় বিশ্বাস করি যে ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি হলো মানুষকে একত্রিত করার ক্ষমতা। বোর্ড এবং আমাদের সদস্যদের সমর্থনে, আমাদের মূল লক্ষ্য হবে উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়া এবং আমরা যে অগ্রগতি করছি তা যেন আগামী প্রজন্মের জন্য এক স্থায়ী উত্তরাধিকার রেখে যায়।”

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হয়ে প্রথমবারের মতো আইসিসি-র কনিষ্ঠতম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ৩৮ বছর বয়সী জয় শাহ। জগমোহন ডালমিয়া, শরদ পাওয়ার, এন শ্রীনিবাসন এবং শশাঙ্ক মনোহরের পর পঞ্চম ভারতীয় হিসেবে তিনি আইসিসি-র শীর্ষ পদে আসীন রয়েছেন।

Scroll to Top