২০ শ্রাবণ ১৪৩৩ শুক্রবার ০৬ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩ শুক্রবার ০৬ আগস্ট ২০২৬

কলকাতা হাইকোর্ট একসঙ্গে পেল আটজন নতুন বিচারপতি

High News Digital Desk:

কলকাতা হাইকোর্টে একযোগে আটজন নতুন বিচারপতির নিয়োগে অনুমোদন মিলল। গত দু’ দশকেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম এত বিপুল সংখ্যায় বিচারপতি একসাথে হাইকোর্টে নিযুক্ত হতে চলেছেন। আগামী মঙ্গলবার নতুন বিচারপতিদের শপথগ্রহণের সম্ভাবনা রয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১২ মে সুপ্রিম কোর্টের কলেজিয়াম কলকাতা হাইকোর্টের বিচারপতি পদের জন্য নয়জন আইনজীবীর নাম কেন্দ্র সরকারের কাছে পাঠায়। তাঁদের মধ্যে আটজনের নামে সম্মতি দিয়েছে রাষ্ট্রপতি ভবন। এর ফলে হাইকোর্টে দীর্ঘদিন ধরে খালি পড়ে থাকা বিচারপতির পদগুলির সংখ্যা কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।

নিয়োগ পাওয়া নতুন আটজন বিচারপতি হলেন— আর্যক দত্ত, অত্রূপ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ দে, পার্থসারথী রায়, সুদীপ দেব, অনুজ সিং, অর্জুন রায় মুখোপাধ্যায় এবং নিষাদ মেদেরা।

এই আট বিচারপতি শপথ নেওয়ার পর কলকাতা হাইকোর্টে মোট বিচারপতির সংখ্যা বেড়ে হবে ৪৯। যদিও অনুমোদিত পদের সংখ্যা ৭২, ফলে এখনও বেশ কিছু পদ ফাঁকাই থেকে যাচ্ছে।

আইন বিশেষজ্ঞদের মতে, হাইকোর্টে দ্রুত বিচারপতি নিয়োগ করা অত্যন্ত প্রয়োজন ছিল। কারণ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এখন নিয়মিত কাজ চলে, যেখানে প্রতি ১৫ দিনের জন্য চারজন বিচারপতিকে মোতায়েন করতে হয়। এছাড়া পোর্ট ব্লেয়ার সার্কিট বেঞ্চের জন্যও সময়ে সময়ে বিচারপতি পাঠাতে হয়। এমতাবস্থায় বিচারপতির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আদালতের কাজকর্ম পরিচালনা এবং বকেয়া মামলার দ্রুত নিষ্পত্তিতে বড়সড় স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে।

Scroll to Top