আগামী ১ আগস্ট শনিবার ১০৭-তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করবে ইস্টবেঙ্গল ক্লাব। প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখার জন্য প্রতিবছরের মতো এবারও সারাদিন ধরে ক্লাবে থাকছে একাধিক কর্মসূচির আয়োজন।
এদিন সকাল সাড়ে ১১টায় ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরি, শৈলেশ বসু এবং নসা সেনের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিষ্ঠা দিবসের সূচনা হবে। এরপর হবে ক্লাব পতাকা উত্তোলন।
বিকেল ৫টায় নজরুল মঞ্চে আয়োজন করা হয়েছে এক জাঁকজমক পূর্ণ অনুষ্ঠান। সেখানে ক্রীড়া ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মান জানানোর ব্যবস্থা করেছে ইস্টবেঙ্গল ক্লাব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।
এবার ইস্টবেঙ্গল ‘ভারত গৌরব’ সম্মানে ভূষিত করছে বিশিষ্ট অর্থনীতিবিদ, ইতিহাস-গবেষক ও লেখক সঞ্জীব সান্যালকে। আর বলিউডের জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীকে এই সম্মানে ভূষিত করা হচ্ছে।
ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে আর যারা সম্মান পাচ্ছেন-
**নসা সেন নামাঙ্কিত লাইফ টাইম অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রাক্তন অধিনায়ক (১৯৮৫) বলাই মুখার্জি।
**ব্যোমকেশ বসু নামাঙ্কিত লাইফ টাইম অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রাক্তন অধিনায়ক (১৯৮৬) তরুণ দে।
**অজয় বসু নামাঙ্কিত সাংবাদিক অ্যাওয়ার্ড পাচ্ছেন বিক্রান্ত গুপ্তা এবং পুষ্পেন সরকার নামাঙ্কিত চিত্র সাংবাদিক অ্যাওয়ার্ডে সম্মানিত হবেন শঙ্কর নাগ দাস।
**রেফারিদের মধ্যে পঙ্কজ গুপ্ত নামাঙ্কিত অ্যাওয়ার্ড পাচ্ছেন ভোলানাথ দত্ত। আর প্রতুল চক্রবর্তী নামাঙ্কিত অ্যাওয়ার্ডে সম্মানিত হচ্ছেন পীযূষ রায়।
**ফুটবলে বনোয়ারীলাল নামাঙ্কিত ‘ফুটবলার অফ দ্য ইয়ার’ সম্মান পাচ্ছেন যৌথভাবে আনোয়ার আলি ও সাথী দেবনাথ।
**জীবন চক্রবর্তী নামাঙ্কিত বছরের সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার পাচ্ছেন এডমুন্ড লালরিনডিকা।
**ক্রিকেটে গোপাল বসু নামাঙ্কিত ‘ক্রিকেটার অফ দ্য ইয়ার’ সম্মান পাচ্ছেন ঋতম পোড়েল।
**স্বপন বল নামাঙ্কিত ‘সাপোর্টার অফ দ্য ইয়ার’ সম্মানে ভূষিত হবেন মনোময় ভট্টাচার্য, ঋজু দাস, কল্পনা চক্রবর্তী এবং শ্যামল মজুমদার।
**প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায় নামাঙ্কিত অ্যাওয়ার্ড পাচ্ছেন বিনো জর্জ।
**’প্রাইড অফ বেঙ্গল’ অ্যাওয়ার্ডে সম্মানিত হচ্ছেন সুলঞ্জনা রাউল।
**আর ‘সুপার অ্যাচিভার অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এবং ‘এক্সিলেন্স ইন মুভি অ্যাওয়ার্ড’-এ সম্মানিত হচ্ছেন পরিচালক কৌশিক গাঙ্গুলী।











