মুষলধারে বৃষ্টিতে স্বস্তির পাশাপাশি দুর্ভোগ বাড়ল হরিয়ানায়। তুমুল বৃষ্টিতে হরিয়ানার আম্বালায় রাস্তায় জল জমে গিয়েছে। বৃষ্টির জন্য অসহ্য গরম থেকে স্বস্তি মিললেও, রাস্তায় জল জমে যাওয়ায় ভোগান্তি বেড়েছে। বৃহস্পতিবার সকালে রাস্তায় জমে থাকা জল পেরিয়েই যাতায়াত করতে হয় স্থানীয় বাসিন্দাদের।
অন্যদিকে, আবহাওয়া বদলেছে রাজধানী দিল্লিতেও। এদিন সকালে দিল্লির আবহাওয়ায় এক মনোরম পরিবর্তন দেখা দিয়েছে, যা তীব্র দাবদাহ থেকে অত্যন্ত প্রয়োজনীয় স্বস্তি এনে দিয়েছে। গরম থেকে স্বস্তি পেয়েছেন দিল্লিবাসী। উত্তরাখণ্ডেও এদিন সকালে ভারী বর্ষণ হয়েছে। দেহরাদূন শহরে মুষলধারে বৃষ্টি হয়, যা স্বস্তি ফিরিয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে দিল্লি, হরিয়ানা, চন্ডীগড়, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, পঞ্জাব, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে। তবে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পশ্চিম রাজস্থান, কোঙ্কনে।










