২১ আশ্বিন ১৪৩৩ শুক্রবার ০৮ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ শুক্রবার ০৮ অক্টোবর ২০২৬

বিকাশরঞ্জনের বাড়িতে হামলা, রাজ্যের কাছে জবাব চাইল হাই কোর্ট

আইনজীবীদের উপরে আক্রমণের ঘটনায় এখনও কী পদক্ষেপ করা হয়েছে, শুক্রবার রাজ্যকে জানাতে হবে।

High News Digital Desk:

আইনজীবী ও সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির আদালতের দৃষ্টি আকর্ষণ করে পদক্ষেপ করার আর্জি জানালেন আইনজীবীরা।

আইনজীবীদের উপরে আক্রমণের ঘটনায় এখনও কী পদক্ষেপ করা হয়েছে, শুক্রবার রাজ্যকে জানাতে হবে। এমনই নির্দেশ দেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুঘের ডিভিশন বেঞ্চ।

বৃহস্পতিবার এবিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আর্জি, ‘আমরা যাঁরা রাজ্য সরকারের বিরোধিতা করছি, তাঁরা ভয়ঙ্কর অবস্থায় আছি। কর্মবিরতি করতে চাই।’ প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ‘আপনারা সিজ ওয়ার্ক করলে আমি শেষ পর্যন্ত বাধা দেব। আমরা সারাজীবন আইনজীবী, আজও নিজেকে তাই মনে করি।’ কল্যাণবাবু বলেন, ‘এটা আইনজীবীদের সমস্যা নয়। বাইরে থেকে গুন্ডারা আক্রমণ চালাচ্ছে। পুলিশ কী করছে? গোয়েন্দারা কী করছেন?’

আদালতে উপস্থিত অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জানান, ‘পুলিশ নিশ্চিত ব্যবস্থা নেবে। এর আগের সরকারের আমলে তো বিচারপতির বাড়ির সামনে স্লোগান দেওয়া হয়েছে।’

আদালতে প্রশ্ন ওঠে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শামিম আহমেদের উপরে আক্রমণ হয়েছে। এফআইআর হয়েছে। তার পরে কী হল? প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুক্রবার রাজ্যকে জানাতে হবে, আইনজীবীদের উপরে আক্রমণের ঘটনায় এখনও কী পদক্ষেপ করা হয়েছে। আদালত জানায়, হাই কোর্টের নিরাপত্তা বাড়াতে বলা যেতে পারে। কিন্তু প্রত্যেকের বাড়িতে পুলিশ বসানো সম্ভব নয়।

Scroll to Top