ঝাড়খণ্ডের গোইলকেরা রেল ক্রসিংয়ের কাছে ঘটল ট্রেন দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির । বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম সুখরাম সন্দিল। সে গোইলকেরার ধাটকিডিহের কৃষ্ণ টোলার বাসিন্দা।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ সুখরাম ওল্ড গোইলকেরায় রেললাইন পারাপারের সময় আচমকা ডাউন লাইনে ইত্বারি-টাটা এক্সপ্রেস ট্রেন এসে যায়। প্রতক্ষদর্শীদের মতে, ট্রেনের ধাক্কায় তার দুটি পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে রেলপুলিশ (আরপিএফ) ঘটনাস্থলে পৌঁছে সুখরামকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। তবে অবস্থার অবনতি ঘটলে তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন । দুর্ঘটনার পরে কয়েকঘন্টার জন্য ব্যাহত হয় ডাউন লাইনের ট্রেন চলাচল । এদিন মৃতের পরিবারের সদস্যরা জানান, সুখরাম পেশায় একজন শ্রমিক । মঙ্গলবার বিকেল ৩টার দিকে সে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা ৬টার দিকে সে ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে আর তার পরেই এই ধরণের দুর্ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।










