উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় অমৃত ভারত স্টেশন স্কিম (এবিএসএস)-এর অধীনে উল্লেখযোগ্য অগ্রগতি করছে। এর লক্ষ্য রেলওয়ে স্টেশনগুলিকে আধুনিক, যাত্রী-বান্ধব পরিবহণ কেন্দ্রে রূপান্তরিত করা। এই প্রকল্পের অধীনে জেলায় পাঁচটি স্টেশন রয়েছে। এগুলি যথাক্রমে জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি, ধূপগুড়ি, নিউ মাল জংশন এবং জলপাইগুড়ি রোড। এর মধ্যে জলপাইগুড়ি রোড স্টেশনের পুনর্বিকাশের কাজ সম্প্রতি সফলভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি, ধূপগুড়ি ও নিউ মাল জংশন স্টেশনের আধুনিকীকরণের কাজ দ্রুতগতিতে চলেছে। এই পদক্ষেপ যাত্রীদের জন্য উন্নত সুযোগ-সুবিধা, সহজগম্যতা এবং বিশ্বমানের স্টেশন পরিকাঠামো প্রদানের ক্ষেত্রে ভারতীয় রেলেওয়ের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ খবর দিয়ে জানান, ‘অমৃত ভারত স্টেশন স্কিম’-এর অধীনে জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশনটিকেও একটি আধুনিক ও পরিবেশ-বান্ধব স্টেশনে রূপান্তরিত করা হয়েছে। এই পুনর্বিকাশ প্রকল্পে যাত্রীদের সুগম চলাচল নিশ্চিত করার লক্ষ্যে একটি নতুনভাবে ডিজাইনকৃত সার্কুলেটিং এরিয়া অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে রয়েছে সুনির্দিষ্ট ট্রাফিক লেন, সুগঠিত পার্কিং ব্যবস্থা এবং পথচারীদের জন্য সহজ চলাচলের পথ। একটি সুবিশাল প্রবেশদ্বার, স্টেশনের সম্মুখভাগের উন্নতরূপ, আধুনিকীকৃত বুকিং কাউন্টার, আধুনিক মডুলার টয়লেট, রিফ্রেশমেন্ট রুম-কাম-ক্যাফেটেরিয়া, বেবি কেয়ার রুম সহ প্রশস্ত ওয়েটিং হল, উন্নত প্ল্যাটফর্ম, সুসজ্জিত সবুজ এলাকা এবং হাই-মাস্টলাইটিং ব্যবস্থা যাত্রীদের সুবিধাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। দিব্যাঙ্গজন-বান্ধব সুবিধা, নির্ধারিত পার্কিং এলাকা এবং উন্নত সাইনেজ সিস্টেমের মাধ্যমে অ্যাক্সেসযোগ্যতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আধুনিক ডিসপ্লেবোর্ড ও জনঘোষণা ব্যবস্থার মাধ্যমে যাত্রী-তথ্য ব্যবস্থাও উন্নত করা হয়েছে।
জলপাইগুড়ি রোড ছাড়াও জলপাইগুড়ি এবং ধূপগুড়ি স্টেশনের কাজ ২০২৬-এর ডিসেম্বরের মধ্যে এবং নিউ জলপাইগুড়ি ও নিউ মাল জংশন স্টেশনের কাজ ২০২৭-এর শুরুর দিকে সম্পন্ন হবে বলে আশা করছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে আধুনিক, স্থিতিশীল ও যাত্রী-কেন্দ্রিক রেল পরিকাঠামো গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যা আঞ্চলিক উন্নয়নে সহায়তা করে এবং সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতাকে উন্নত করে বলে দাবি করেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।










