নেপালের রাজধানী কাঠমান্ডুর ঠামেলে একটি হোটেল থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এক বিদেশি নাগরিক-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে ৫০ লক্ষ ৫০ হাজার নেপালি টাকা এবং বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা।
ধৃতদের মধ্যে রয়েছেন চিতওয়ানের বাসিন্দা ২০ বছর বয়সি স্নেহা রিমাল এবং মালদ্বীপের নাগরিক ইউথিথ ইব্রাহিম। বৃহস্পতিবার কাঠমান্ডু জেলা পুলিশ কার্যালয়ের পুলিশ সুপার দানবাহাদুর থাপা জানিয়েছেন, ঠামেলের স্নোলাইন হোটেল থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে ৫০ লক্ষ ৫০ হাজার নেপালি টাকা ছাড়াও ৪,২১৫ ওমানি রিয়াল এবং ৫৫ সংযুক্ত আরব আমিরশাহির দিরহাম উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া অর্থ ও বিদেশি মুদ্রার উৎস এবং ধৃতদের কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।









