১৩ অগ্রহায়ণ ১৪৩৩ রবিবার ২৯ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩ রবিবার ২৯ নভেম্বর ২০২৬

এসআরএফটিআই-এ ফের উত্তেজনা, বিক্ষোভস্থল ভাঙার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

High News Digital Desk:

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-এ ফের উত্তেজনা। গত ৬২ দিন ধরে ক্যাম্পাসের ভেতরে ধর্নায় বসা শিক্ষার্থীদের অভিযোগ, শনিবার সকালে পুলিশ হঠাৎ ক্যাম্পাসে ঢুকে তাদের বিক্ষোভস্থল ভেঙে দিয়েছে এবং আসবাবপত্র-সহ অন্যান্য সামগ্রী পিকআপ ভ্যানে তুলে সরিয়ে নিয়েছে। তবে পুলিশ সূত্রের দাবি, এসআরএফটিআই কর্তৃপক্ষের অনুরোধেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের বক্তব্য, শনিবার সকাল সাতটার দিকে পুলিশ ক্যাম্পাসে ঢুকে সরাসরি ধর্নামঞ্চে পৌঁছায়। সেখান থেকে শিক্ষার্থীদের সরানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা হয় এবং ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। অভিযোগ, ঠিক সেই সময় পুলিশকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের সামগ্রী দুটি পিকআপ ভ্যানে তোলেন। ভ্যান আটকাতে কয়েকজন শিক্ষার্থী তার সামনে শুয়ে পড়েন, যার পর পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। শিক্ষার্থীদের আরও অভিযোগ, বেশ কয়েকজন পড়ুয়াকে টেনেহিঁচড়ে সরানো হয়েছে, ধর্নামঞ্চ পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে এবং ঘটনার ভিডিও ধারণ করার সময় কয়েকজন পড়ুয়ার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে, পাল্টা পুলিশের সূত্রের দাবি, এসআরএফটিআই কর্তৃপক্ষের অনুরোধেই ধর্নামঞ্চ সরানো হয়েছে। তবে এই পুরো ঘটনা নিয়ে এখনও পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি এবং পুলিশও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

উল্লেখ্য, সেপ্টেম্বরের শেষ দিক থেকেই এসআরএফটিআই ক্যাম্পাসে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে। ক্যাম্পাসে বহিরাগতদের হামলার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন, যার ফলে প্রতিষ্ঠানে অচলাবস্থা সৃষ্টি হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য সন্তোষ আজমেরার পদত্যাগ, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পাঠানো নোটিস প্রত্যাহার এবং ক্যাম্পাস থেকে পুলিশ সরানোর দাবিতে অনড়।

এর মধ্যেই নিরাপত্তারক্ষীরা নিজেদের ফোনে আন্দোলনরত ছাত্রীদের ছবি ও ভিডিয়োগ্রাফি করে রাখছেন বলে সরব হন আন্দোলনকারী পড়ুয়াদের একাংশ। শিক্ষার্থীদের দাবি, তাদের কাছে এর জোরালো প্রমাণ রয়েছে এবং নিরাপত্তারক্ষীদের ছবি ও ভিডিও তোলার নির্দেশ কে দিয়েছিল, উপাচার্যের কাছে তারা সেই জবাব চেয়েছে।

Scroll to Top