এজেইউপি প্রধান তথা বিধায়ক হুমায়ুন কবীরের গ্রেফতারি, নির্বাচন কমিশনকে ঘিরে চলমান বিতর্ক এবং আসন্ন বিধানসভা উপনির্বাচন নিয়ে একাধিক বিষয়ে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মঙ্গলবার সকালে বাগডোগরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীরের গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন, “পুলিশ সিদ্ধান্ত নিয়েছে যে যারা প্রকাশ্যেই বিভাজনমূলক রাজনীতিতে লিপ্ত, হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে এবং দাঙ্গা বাঁধাতে মানুষকে প্ররোচিত করছে, নির্বাচনের দিন হলেও তাদের গ্রেফতার করা উচিত। এটাই পুলিশের কর্তব্য।”
নির্বাচন কমিশনকে (ইসিআই) ঘিরে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে শমীক ভট্টাচার্য বলেন, “বিচারপতিরা তাঁদের কাজ করছেন। আদালতে যখন প্রক্রিয়া চলছে, তখন উত্তরবঙ্গে দাঁড়িয়ে বলা যায় যে পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত আনন্দিত, কারণ গত ৭০ বছরে তাঁরা এমন নির্বাচন দেখেননি। ভোটের আগে, ভোট চলাকালীন কিংবা ভোটের পরে কোনও রকমের হিংসা বা রক্তপাত হয়নি। মানুষ অত্যন্ত স্বাধীনভাবে ও সানন্দে ভোট দিতে পেরেছেন। জ্ঞানেশ কুমারই এটি সম্পন্ন করেছেন এবং পশ্চিমবঙ্গে তাঁকে নায়কের মর্যাদা দেওয়া হচ্ছে।”
পাশাপাশি, রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন প্রসঙ্গে তিনি দাবি করেন, “নিশ্চিত থাকুন, এই দুটি উপনির্বাচনেই বিজেপি প্রার্থীরা জয়লাভ করবেন।”










