রেলের জমি দখলমুক্ত করতে সন্তোষপুর রেল স্টেশন চত্বরে সোমবার রাতে ব্যাপক উচ্ছেদ অভিযান চালাল রেল প্রশাসন। রাত প্রায় ১০টা থেকে শুরু হওয়া এই অভিযান গভীর রাত পর্যন্ত চলে। অভিযানে রেল পুলিশ, রাজ্য পুলিশ এবং রেলের বিভিন্ন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। রেল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে স্টেশন সংলগ্ন রেলের জমি দখল করে একাধিক দোকান ও অস্থায়ী কাঠামো গড়ে উঠেছিল। বহুবার সতর্ক করার পরও দখলদাররা এলাকা খালি না করায় উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানের শুরুতে সংশ্লিষ্ট দোকানগুলির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর বুলডোজার ও অন্যান্য ভারী যন্ত্রের সাহায্যে একে একে বেআইনি নির্মাণগুলি ভেঙে ফেলা হয়। শুধু স্টেশন চত্বর নয়, প্ল্যাটফর্মের উপর গড়ে ওঠা অবৈধ দোকান ও কাঠামোগুলিও সরিয়ে দেওয়া হয়। কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোটা এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। ফলে অভিযান চলাকালীন কোনও বড় ধরনের অশান্তির ঘটনা ঘটেনি। রেল প্রশাসনের দাবি, যাত্রীদের নিরাপত্তা, স্টেশনের সৌন্দর্যায়ন এবং পরিষেবা উন্নয়নের স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রেল সূত্রে আরও জানানো হয়েছে, ভবিষ্যতেও বিভিন্ন স্টেশনে দখলমুক্তকরণ অভিযান অব্যাহত থাকবে। সন্তোষপুরের এই অভিযানের পর এলাকাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।









