যাদবপুরেও উচ্ছেদ করা হল হকার। রবিবার গভীর রাতে স্টেশন চত্বরে একাধিক বেআইনি দোকান ও নির্মাণ বুলডোজার দিয়ে ভাঙা হয়। উচ্ছেদ অভিযান রুখতে সন্ধ্যা থেকে চলছিল বাম-কংগ্রেসের সম্মিলিত প্রতিবাদ। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বসানো হয় ব্যারিকেড। আটক করা হয় সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য-সহ অনেককে।
বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠেছে। ঘটনায় আহত হন নাট্যকর্মী জয়রাজ ভট্টাচার্য-সহ অনেকে। জয়রাজের মাথা ফেটেছে বলে জানা গিয়েছে। রবিবার সন্ধ্যা থেকেই ঘটনাস্থলে ছিলেন সৃজন, ঊষসী চক্রবর্তী, কংগ্রেস নেতা সৌরভ প্রসাদ। কংগ্রেস ও বাম সংগঠনগুলি একজোটে প্রতিবাদ ও প্রতিরোধ করার চেষ্টা করে। উচ্ছেদ অভিযান আটকাতে বুলডোজারের সামনেই শুয়ে পড়েন এক জন। বেশ কয়েক জন বুলডোজারের উপরে দাঁড়িয়ে প্রতিবাদও করেন।








