বিশ্বকাপ জিতে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে স্পেন। ফাইনালে তাদের কাছে হেরে দুই নম্বরে নেমে গেছে আর্জেন্টিনা। গত জানুয়ারির পর প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে লুইস দে লা ফুয়েন্তের দল।নিজেদের সেরা ষষ্ঠ স্থানে উঠেছে মরক্কো। এর আগে তাদের সর্বোচ্চ অবস্থান ছিল সপ্তম, গত মাসে।
প্রথম আফ্রিকান দল হিসেবে মরক্কো বিশ্বকাপের সেমিফাইনালে খেলে ২০২২ সালে। এবারের বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় তারা।
র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছে ব্রাজিল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলা ফ্রান্স ও ইংল্যান্ড আগের মতোই যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।
শেষ ষোলো থেকে বিদায় নেওয়া পর্তুগাল দুই ধাপ পিছিয়ে সপ্তম স্থানে আছে। এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে বেলজিয়াম, এক ধাপ পিছিয়ে নবম স্থানে নেদারল্যান্ডস।
মেক্সিকো চার ধাপ এগিয়ে শীর্ষ দশে প্রবেশ করেছে। বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেয় সহ-আয়োজকরা।
জার্মানি শীর্ষ ১০ থেকে ছিটকে গিয়ে ১২তম স্থানে আছে। ১৯৫৪ সালের পর প্রথম কোয়ার্টার ফাইনালে খেলা সুইজারল্যান্ড পাঁচ ধাপ এগিয়ে ১৪তম স্থানে আছে।
সবচেয়ে বেশি উন্নতি করেছে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলা নরওয়ে। তারা ১২ ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠে এসেছে।










