পুজোর ভিড় সামাল দিতে ভাগলপুর-কাটিহার রুটে আনরিজার্ভড স্পেশাল ট্রেন ছুটবে। আসন্ন পুজো উৎসবকে ঘিরে যাত্রীদের বাড়তি ভিড় সামলাতে ভাগলপুর ও কাটিহারের মধ্যে আনরিজার্ভড স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। আগামী ৭ অক্টোবর থেকে এই বিশেষ ট্রেন পরিষেবা শুরু হবে। চলবে নভেম্বর মাসের শেষ পর্যন্ত।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, – ০৩৪০৯ ভাগলপুর-কাটিহার স্পেশাল প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিটে ভাগলপুর থেকে ছাড়বে। আগামীকাল ৭ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মোট ৫৫টি ট্রিপ চালানো হবে। ট্রেনটি রাত ১১টা ১০ মিনিটে একই দিনে কাটিহারে পৌঁছবে।
অন্যদিকে, ০৩৪১০ কাটিহার-ভাগলপুর স্পেশাল প্রতিদিন সকাল ৬টা ৩৫ মিনিটে কাটিহার থেকে রওনা হবে। ৮ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত মোট ৫৫টি ট্রিপ চালানোর পরিকল্পনা রয়েছে। ট্রেনটি দুপুর ১২টা ৫ মিনিটে ভাগলপুরে পৌঁছবে।
উভয়দিকেই যাত্রাপথে – আকবরনগর, সুলতানগঞ্জ, কল্যাণপুর রোড, বারিয়ারপুর, রতনপুর ও মুঙ্গের স্টেশনে ট্রেনটি থামবে। পুজোর মরসুমে অতিরিক্ত যাত্রী চাপের কথা মাথায় রেখে এই বিশেষ পরিষেবার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে পূর্ব রেল কর্তৃপক্ষের ঘোষণা ।










