আন্তর্জাতিক আইন শক্তিশালী করা এবং শান্তি প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদানের জন্য দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত আইনজীবী নাভানেথাম ’নাভি’ পিল্লাইকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হচ্ছে।
নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শুক্রবার নোবেল কমিটির চেয়ারম্যান জোর্গেন ওয়াটনে ফ্রাইডনেস তাঁর নাম ঘোষণা করেন।
নোবেল কমিটির তথ্য অনুযায়ী, নাভি পিল্লাই যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার মামলায় জড়িত অপরাধীদের আইনি সাজা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অসাধারণ সাহস, সততা এবং নৈতিক দৃঢ়তার সঙ্গে তিনি একটি ব্যাপক বৈশ্বিক আইনি ব্যবস্থা গঠনে অবদান রেখেছেন। তাঁর দীর্ঘ জনসেবামূলক জীবন সর্বজনীন আইনি নীতি এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধার এক অনন্য দৃষ্টান্ত। দক্ষিণ আফ্রিকার ডারবানে ১৯৪১ সালের ২৩ সেপ্টেম্বর এক ভারতীয় তামিল পরিবারে জন্মগ্রহণ করেন পিল্লাই। আইন পেশায় নিজের সুনির্দিষ্ট পরিচয় তৈরি করেন তিনি| বর্ণবাদ, বিচ্ছিন্নতা ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যান। দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার পক্ষে সওয়াল করেছেন পিল্লাই। পিল্লাই দক্ষিণ আফ্রিকার হাইকোর্ট, রুয়ান্ডার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হিসেবেও কর্মরত ছিলেন।
আন্তর্জাতিক আইনের শাসন, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘদিনের অবদানকে স্বীকৃতি জানিয়েছে নোবেল কমিটি। কমিটির মতে, শান্তি প্রতিষ্ঠার জন্য ন্যায়বিচার অপরিহার্য।









