২৩ আষাঢ় ১৪৩৩ শুক্রবার ০৯ জুলাই ২০২৬
২৩ আষাঢ় ১৪৩৩ শুক্রবার ০৯ জুলাই ২০২৬

নিম্নচাপের প্রভাব কমলেও বৃষ্টির দাপট অব্যাহত, রাজ্যজুড়ে টানা ভারী বৃষ্টি l

নিম্নচাপের সরাসরি প্রভাব কমলেও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে জারি হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

High News Digital Desk:

দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব কমে এলেও বৃষ্টির বিরতি মিলবে না। বৃহস্পতিবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে উত্তরবঙ্গে দুর্যোগ আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি হল কমলা সতর্কতা।

 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বর্ষণের সম্ভাবনা কম হলেও দিনভর আকাশ মেঘলা থাকবে। কলকাতা-সহ অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়বে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির দাপট তুলনামূলক বেশি থাকতে পারে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা বহাল থাকবে।

 

আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলার উপর থেকে নিম্নচাপের সরাসরি প্রভাব কেটে গেলেও পূর্ব মধ্যপ্রদেশে অবস্থান করা নিম্নচাপ, রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা এবং উত্তর-পূর্ব আরব সাগর থেকে সিকিম পর্যন্ত বিস্তৃত আরও একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বায়ুমণ্ডলে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। ফলে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

 

 

 

বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। শুক্রবার জলপাইগুড়িতে অতি ভারী বর্ষণের পূর্বাভাস। এদিকে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি অব্যাহত থাকলেও ভারী বর্ষণের সম্ভাবনা কিছুটা কমবে।

আবহাওয়াবিদের মতে, উত্তরবঙ্গের পার্বত্য ও সংলগ্ন এলাকায় টানা বৃষ্টির জেরে ভূমিধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং জল জমার আশঙ্কা থাকছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির কারণে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে।

Scroll to Top