নিট-ইউজি পেপার লিকের অভিযোগকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুক্রবারও সংসদ চত্বরে বিক্ষোভ দেখাল কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে ইন্ডি জোটের সাংসদরা সংসদের মকর দ্বারে বিক্ষোভ দেখান।
বিরোধী সাংসদরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি ধর্মেন্দ্র প্রধানকে সরানোর দাবি জানান। বাদল অধিবেশনের শুরু থেকেই নিট-ইউজি পেপার লিক ইস্যুতে সরকার ও বিরোধীদের মধ্যে টানাপোড়েন চলছে। এর জেরে সংসদের কাজকর্মও বারবার ব্যাহত হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবারও সংসদের মকর দ্বারে এনডিএ এবং ইন্ডি জোটের সাংসদরা একই সময়ে একে অপরের বিরুদ্ধে বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভ দেখান। বিরোধীদের দাবি, পেপার লিকের দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। অন্যদিকে, এনডিএ-র অভিযোগ, বিরোধীরাই ইচ্ছাকৃতভাবে সংসদে এই বিষয়ে আলোচনায় বাধা দিচ্ছে।










