১৭ আষাঢ় ১৪৩৩ শনিবার ০৩ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩ শনিবার ০৩ জুলাই ২০২৬

দুর্যোগের মেঘ বঙ্গোপসাগরে : দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, কলকাতায় সপ্তাহান্তে দফায় দফায় বৃষ্টি

High News Digital Desk:

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মরশুমের প্রথম নিম্নচাপ তৈরির জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির দাপট জারি থাকবে।

নিম্নচাপের প্রভাবে শুক্রবার সন্ধ্যার পর থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার এবং বাকি অংশে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। প্রথম দিন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি সব জেলায় রয়েছে হলুদ সতর্কতা।

শনিবার পরিস্থিতি আরও কিছুটা বিগড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এছাড়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলায় কমলা সতর্কতা বজায় থাকবে।

আগামী রবিবার বৃষ্টির দাপট আরও বাড়বে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা দেওয়া হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দুই বর্ধমানে জারি থাকবে ভারী বৃষ্টির কমলা সতর্কতা।

শুক্রবার সন্ধ্যার পর থেকেই কলকাতায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার সপ্তাহান্তের দুই দিনই শহরজুড়ে মাঝারি বৃষ্টিপাত এবং দফায় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের ছবিটা আপাতত কিছুটা স্বস্তির। পাহাড় ও লাগোয়া জেলাগুলিতে এখন হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

তবে আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি হতে পারে।

Scroll to Top