তৃণমূল কংগ্রেসের তহবিল সংক্রান্ত মামলায় এবার দলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ শুভাশিস চক্রবর্তীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহেই তাঁকে সিজিও কমপ্লেক্সে অবস্থিত ইডির দফতরে হাজির হতে বলা হয়েছে। বর্তমানে শুভাশিস চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ পদে রয়েছেন। এ বিষয়ে শুভাশিস বলেন, তিনি দলের সঙ্গে আলোচনা করবেন এবং ইডির কাছে হাজিরার জন্য কিছুটা সময় চাওয়া হবে।
উল্লেখ্য, গত ৯ জুন বিধায়কদের স্বাক্ষর সংক্রান্ত মামলার তদন্তে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লাগোয়া দলের কার্যালয়ে তল্লাশি চালিয়েছিল সিআইডি। সেই সময় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। তবে প্রথমে সিআইডি আধিকারিকরা কার্যালয়ের ভিতরে ঢুকতে পারেননি। প্রায় এক ঘণ্টা ধরে কার্যালয়ে উপস্থিত শুভাশিস চক্রবর্তীর সঙ্গে তদন্তকারীদের বাগবিতণ্ডার পর তাঁরা ভিতরে প্রবেশ করেন। এরপর প্রায় দু’ঘণ্টা ধরে কার্যালয়ে তল্লাশি অভিযান চালানো হয়।
এর আগে তৃণমূল কংগ্রেসের পার্টি ফান্ড সংক্রান্ত একই মামলায় বেসরকারি বিমান সংস্থা কেয়ারভেলের দুই অধিকর্তা পবন জাজু এবং রমেশ জাজুকেও তলব করেছিল ইডি। তাঁদের দু’জনেরই বয়ান রেকর্ড করা হয়েছে।










