২৫ আশ্বিন ১৪৩৩ মঙ্গলবার ১২ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ মঙ্গলবার ১২ অক্টোবর ২০২৬

জ্ঞানেশ ইস্যুতে সোমবার উত্তপ্ত দিল্লি! ৬ মেট্রো স্টেশনের গেট বন্ধ ll

জ্ঞানেশ ইস্যুতে ফের উত্তপ্ত হতে চলেছে রাজধানী দিল্লি! ভোটার তালিকায় কারচুপির অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সোমবার সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গের নেতৃত্বে এই কর্মসূচিকে ঘিরে রাজধানীতে জোরদার নিরাপত্তা ব্যবস্থা।
সকাল ৬টা থেকে বিকেল ৪টে পর্যন্ত প্যাটেল চক, জনপথ, রাজীব চক, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট ও বারাখাম্বা রোড—এই ছ’টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান গেট বন্ধ রাখার কথা জানানো হয়েছে। তবে স্টেশনগুলিতে ট্রেন পরিবর্তনের সুবিধা চালু থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

High News Digital Desk:

জ্ঞানেশ-ইস্যুতে সোমবার ফের উত্তপ্ত হতে চলেছে দিল্লি। সোমবার বিরোধী জোট ‘ইন্ডিয়া’ভোটার তালিকায় কারচুপির অভিযোগ এবং  মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিল করবে। আর এই মহামিছিল ঘিরে সকাল থেকেই নজিরবিহীন নিরাপত্তা ও কড়াকড়ি শুরু হয়েছে রাজধানীতে। আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং জনজীবন যাতে ব্যাহত না হয়, সেইজন্য একঝাঁক কঠোর পদক্ষেপ করেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। সোমবার সকাল থেকেই দিল্লির প্রাণকেন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লি মেট্রো সূত্রে জানানো হয়েছে, সোমবারে নির্ধারিত এই কড়াকড়ি চলবে সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

যে ৬টি মেট্রো স্টেশনে গেট বন্ধ থাকছে:

নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা এই এলাকাগুলিতে সাধারণ মানুষের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ। যে ছ’টি মেট্রো স্টেশনের এন্ট্রি ও এক্সিট গেট বন্ধ রাখা হয়েছে, সেগুলি হল:

প্যাটেল চক

জনপথ

রাজীব চক

মান্ডি হাউস

সেন্ট্রাল সেক্রেটারিয়েট

বারাকাম্বা রোড

 

তবে যাত্রীদের সম্পূর্ণ ভোগান্তিতে না ফেলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট স্টেশনগুলিতে সরাসরি প্রবেশ বা প্রস্থান করা না গেলেও ট্রেন পরিবর্তনের বা ইন্টারচেঞ্জের সুবিধা আগের মতোই চালু রাখা হবে।

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের আর্জি খারিজ

ভোট চুরির অভিযোগ সামনে এনে কংগ্রেসের শীর্ষ নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেশের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার আর্জি জানিয়েছিলেন। সুপ্রিম কোর্টের অভিমুখে এই পদযাত্রার মূল উদ্দেশ্যই ছিল প্রধান বিচারপতির হাতে এই বিষয়ে স্মারকলিপি তুলে ধরা এবং সরাসরি আলোচনা করা।

কিন্তু সূত্রের খবর, প্রধান বিচারপতি সূর্য কান্ত বিরোধী দলনেতা রাহুল গান্ধীর এই সাক্ষাতের আর্জি সরাসরি খারিজ করে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভোট চুরির মতো এই ধরনের একাধিক স্পর্শকাতর ও আইনি বিষয় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। যেহেতু মামলাগুলি আদালতের বিচারাধীন, তাই বিচার প্রক্রিয়ার বাইরে গিয়ে এই নিয়ে আলাদাভাবে কোনও বৈঠকে বসা সম্ভব নয়।

এদিকে, রাজধানীতে চলা পুলিশি কড়াকড়ির বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার শুনানিতে রবিবার সুপ্রিম কোর্টে জানিয়ে দেয়, দিল্লির সমস্ত ব্যারিকেড তুলে নিতে হবে এবং মেট্রো পরিষেবা স্বাভাবিক করতে হবে। সর্বোচ্চ আদালতের এই নির্দেশের পরও সোমবার মেট্রো স্টেশন বন্ধ করল পুলিশ।

সবমিলিয়ে, একদিকে বিরোধীদের রাজপথের জোরদার প্রতিবাদ ও মিছিল এবং অন্যদিকে শীর্ষ আদালতের আইনি অবস্থান- সব মিলিয়ে সোমবার দিনভর রাজধানীর রাজনৈতিক পারদ যে চড়ে থাকবে, তা বলাই বাহুল্য।

Scroll to Top