৪ আষাঢ় ১৪৩৩ শনিবার ২০ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩ শনিবার ২০ জুন ২০২৬

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল বিশ্বকাপ

High News Digital Desk:

মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ১০.৩০ মিনিটে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান, প্রথম পর্ব চলে ১৭ মিনিটের মতো।

মেক্সিকান পপ রক ব্যান্ড মানার গান পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর গাইতে আসেন ভেনেজুয়েলার জাস্টিন বিবার নামে পরিচিত গায়ক ও গীতিকার ড্যানি ওশান। ঐতিহ্যবাহী মেক্সিকান পোশাকে সজ্জিত শিল্পীদের সঙ্গে তাকে গান গাইতে দেখা যায়।

অবশেষে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত! বিশ্বজুড়ে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে এলেন শাকিরা। বিশ্বকাপের থিম সং দাই দাই গেয়ে পুরো স্টেডিয়ামকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বার্না বয়। শাকিরার গানের মধ্য দিয়ে শেষ হয় প্রথম পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান।

এরপর অংশগ্রহণকারী ৪৮টি দলের পতাকা হাতে মাঠে আসেন একজন করে। সব শেষে সালমা হায়েকের সঙ্গে বিশ্বকাপের উদ্বোধন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আতশবাজির শব্দ আর নানা রংয়ের আলোয় মুখরিত হয় চারিদিক।

এবারের বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন কেবল মেক্সিকোতেই সীমাবদ্ধ থাকছে না। যৌথ আয়োজক কানাডায় দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় টরন্টোর বিএমও ফিল্ডে। সেখানে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও আলিসিয়া কারা।

উদ্বোধনী আয়োজনের শেষ পর্ব বসবে শনিবার (১৩ জুন) ভারতীয় সময় ভোর ৫টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে। হলিউড ঘরানার এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিংকের লিসা, ফিউচার এবং অ্যানিত্তার মতো আন্তর্জাতিক তারকারা।

Scroll to Top