ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোর প্রিভিউ শো ও ভিআইপি এন্ট্রি পাস বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর বৃহস্পতিবার তৃণমূলের শীর্ষ নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে নগর দায়রা আদালতে (ব্যাঙ্কশাল কোর্ট) পেশ করা হলো।
বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে দীর্ঘক্ষণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর বাইরে বেরোতেই তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। বউবাজার থানায় দায়ের হওয়া আর্থিক প্রতারণা ও জালিয়াতির নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
তদন্তকারীদের দাবি, দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতিকে সামনে রেখে ‘ম্যাস আর্ট’ নামক সংগঠনের মাধ্যমে বেআইনিভাবে কোটি কোটি টাকার প্রিভিউ পাস বিক্রি এবং অর্থ তছরুপের একটি বড় চক্র গড়ে তোলা হয়েছিল। সেই আর্থিক কেলেঙ্কারির অন্তর্তদন্ত ও আর্থিক লেনদেনের মূল গতিপ্রকৃতি উদ্ঘাটন করতেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়ে এদিন তাঁকে আদালতে তোলে পুলিশ। প্রাক্তন মন্ত্রীর এই গ্রেফতারি ও আদালত চত্বরে পেশকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোড়ন ছড়িয়েছে।










