৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ শনিবার ২২ মে ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ শনিবার ২২ মে ২০২৬

এওএ পরিবর্তনে প্রয়োজনীয় শেয়ারহোল্ডার অনুমোদন পেল না সুইগি

High News Digital Desk:

অনলাইন খাদ্য ও পানীয় সরবরাহকারী সংস্থা সুইগি তাদের কোম্পানি গঠনের নিয়মাবলি বা আর্টিকলস অফ অ্যাসোসিয়েশন (এওএ) পরিবর্তনের জন্য প্রয়োজনীয় শেয়ারহোল্ডার অনুমোদন পেতে ব্যর্থ হয়েছে। এই সংশোধনের মাধ্যমে সংস্থাটি নিজেদের ‘ইন্ডিয়ান ওনড অ্যান্ড কন্ট্রোলড কোম্পানি’ (আইওসিসি) হিসেবে যোগ্য প্রমাণ করতে চেয়েছিল।

শেয়ার বাজারে সূত্রে জানা গেছে, এওএ সংশোধনের প্রস্তাবে ৭২.৩৫ শতাংশ শেয়ারহোল্ডার সমর্থন জানিয়েছেন। তবে প্রয়োজনীয় সীমার থেকে তা ২.৬৫ শতাংশ কম হওয়ায় প্রস্তাবটি গৃহীত হয়নি।

সংস্থাটি ডাক ভোটের মাধ্যমে ই-ভোটিং প্রক্রিয়া চালায়। সেখানে এওএ পরিবর্তনের পাশাপাশি রেনন ডি কাস্ত্রো আলভেস পিন্টোকে নন-এক্সিকিউটিভ, নন-ইন্ডিপেন্ডেন্ট নোমিনি ডিরেক্টর হিসেবে নিয়োগের প্রস্তাবও রাখা হয়েছিল।

শুক্রবার এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সুইগি-র এক মুখপাত্র বলেন, “আমরা ভোটের ফলাফলকে সম্মান জানাচ্ছি। যদিও এওএ সংশোধনের প্রস্তাব প্রয়োজনীয় সমর্থন পায়নি, তবে ৭২.৩৫ শতাংশ শেয়ারহোল্ডারের সমর্থন মিলেছে। অন্যদিকে, পরিচালক নিয়োগের প্রস্তাবটি ৯৮.৯৮ শতাংশ সমর্থনে পাশ হয়েছে।”

তিনি আরও জানান, সংস্থা ভবিষ্যতেও শেয়ারহোল্ডারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এবং ইতিবাচক ফলের দিকে এগোবে।

উল্লেখ্য, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন (ফেমা) অনুযায়ী, কোনও সংস্থাকে ভারতীয় মালিকানাধীন ও নিয়ন্ত্রিত কোম্পানি হিসেবে বিবেচনা করা হয় তখনই, যখন সংস্থার মালিকানা ও নিয়ন্ত্রণ ভারতীয় নাগরিক বা যোগ্য ভারতীয় প্রতিষ্ঠানের হাতে থাকে। পরিচালন পর্ষদের গঠন এবং নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমেও সেই নিয়ন্ত্রণ নিশ্চিত করা হয়।

Scroll to Top