উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টি চলছে সমানে। আবহাওয়া দপ্তর বলছে, অক্ষরেখা দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশের উপরে রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। সমস্ত কিছুর মিলিত প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে আর বৃষ্টি হচ্ছে। আজও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দপ্তর বলছে, আপাতত মোটের ওপর একই রকম থাকবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বুধবারের আগে বৃষ্টি কমার সম্ভাবনা নেই। আজ শনিবারও বৃষ্টি হবে। কিছু কিছু জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হবে শহর কলকাতাতেও।
শনিবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়ায়। জারি রয়েছে সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও কলকাতাতেও। বৃষ্টি চলবে রবিবারও।
ঝড় বৃষ্টির কারণে তীব্র গরম থেকে মুক্তি মিলেছে কিছুটা। একধাক্কায় অনেকটা তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গে। যদি বৃষ্টি না হলে ভ্যাপসা গরম আর অস্বস্তি থাকবে। দমকা হাওয়ার কারণে এদিনও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দপ্তর বলছে বৃহস্পতিবার পর্যন্ত এই সমস্ত জেলাগুলিতে একইরকম আবহাওয়া থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে সব জেলাতেই।











