২১ কার্তিক ১৪৩৩ শনিবার ০৭ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ শনিবার ০৭ নভেম্বর ২০২৬

ইরানের সঙ্গে কোনও যুদ্ধ নেই, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে; মন্তব্য ট্রাম্পের

High News Digital Desk:

ইরানের সঙ্গে চলমান সংঘাতকে সরাসরি ‘যুদ্ধ’ বলতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করে তিনি দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা ও দ্বিপাক্ষিক সমীকরণে যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং গোটা পরিস্থিতি এখন সম্পূর্ণ আমেরিকার নিয়ন্ত্রণে।

ভারতীয় সময় অনুযায়ী, শনিবার সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ইরানের সঙ্গে আমরা যথেষ্ট অগ্রগতি অর্জন করেছি। সংঘাত শুরুর আগের তুলনায় আমরা এখন অনেক বেশি তেল উত্তোলন করছি। এটা কোনও যুদ্ধই নয়। পাঁচ মাস ধরে যেখানে কেউ আহত হয়নি, নিহত হয়নি কিংবা ক্ষয়ক্ষতি হয়নি—তাকে যুদ্ধ বলা যায় না। এটা নিশ্চিতভাবেই যুদ্ধ নয়।”

রাশিয়া ও ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধের সঙ্গে তুলনা টেনে ট্রাম্প উল্লেখ করেন, “রাশিয়া ও ইউক্রেনে প্রতি মাসে প্রায় ২৫ হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন। অথচ ইরানের সঙ্গে সংঘাতে গত সাত মাসে আমাদের একজনও সেনার প্রাণ যায়নি। কাজেই একে ইরানের সঙ্গে যুদ্ধ ভেবে ভুল করবেন না। পরিস্থিতি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে আমরা ইরানিদের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছি। দেখা যাক শেষ পর্যন্ত বিষয়টি কোন দিকে এগোয়।”

অন্যদিকে, ইরানের কেশম দ্বীপের কাছে মার্কিন বিমান হামলার খবরের বিষয়ে জানতে চাওয়া হলে প্রেসিডেন্ট ট্রাম্প বিস্তারিত বলতে অস্বীকার করলেও দ্রুত অভিযানের কথা স্বীকার করেন। তিনি মন্তব্য করেন, “আমি এ বিষয়ে বেশি কথা বলতে চাই না। আমরা কিছু ছোটখাটো আঘাত হেনেছি এবং তাদের পুরোপুরি ধ্বংস করা হয়েছে। ওরা একটা ছোট বিমানবিধ্বংসী ব্যবস্থা বা ডিফেন্স ডিভাইস বানাচ্ছিল, আমরা মেরে কেটে ১৫ মিনিট—সম্ভবত মাত্র পাঁচ মিনিটেই সেটা গুঁড়িয়ে দিয়েছি।”

Scroll to Top