আমেরিকার সঙ্গে চুক্তি নিয়েও কেন্দ্রকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার লোকসভায় অভিষেক বলেন, “আমেরিকার সঙ্গে চুক্তিতে দেশের অন্নদাতারা বিপদে। সেখানে লাভ হচ্ছে আমেরিকার চাষিদের। আমি এমন একটা ভারত থেকে আসছি, যেখানে বেঁচে থাকাটাই লড়াই৷ প্রতিদিন ৩৫ জন কৃষক দেশে আত্মহত্যা করছেন ৷ এখনও এই সরকার এমএসপি দেয়নি ৷ ঐতিহাসিক কৃষি আন্দোলনের পরেও কোনও ঘোষণা করা নেই৷ এখন আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির পরে আমাদের দেশের কৃষকদের অবস্থা আরও খারাপ ৷ মার্কিন কৃষি সচিব নিজে টুইট করেছেন, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তিতে সে দেশের কৃষকদের সব থেকে বেশি লাভ হবে ৷ আমাদের সরকার কী বলছে? তারা চুপ কেন? ’
কর ব্যবস্থা নিয়ে মোদী সরকারের তুমুল সমালোচনাও শোনা গেছে অভিষেকের মুখে। তিনি বলেন,‘এক শিশু জন্মাতেই তার দুধ আর ন্যাপির উপর ট্যাক্স। বড় হতেই পড়াশোনার উপর ট্যাক্স। মোবাইল ডেটা থেকে সব কিছুর উপর ট্যাক্স। রোজগার করতে শুরু করলে ট্যাক্স। এমনকী মৃত্যুর পর শেষকৃত্যে মোমবাতি, ধূপ জ্বালালেও তার উপর ট্যাক্স।’ বাজেট নিয়েও মোদী সরকারকে নিশানা করেন অভিষেক। তিনি বলেন, ‘বাংলা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়, এমন ভারতে আমি বাস করি। যেখানে পানীয় জলের দাম নিয়ে দরদাম করা হয়, এমন ভারতে আমি বাস করি। আমার রাজ্যে জল জীবন মিশনে টাকা দেওয়া হয় না। আমরা এমন ভারতে বাস করি, যেখানে পশ্চিমবঙ্গের টাকা রাজনৈতিক প্রতিহিংসায় আটকে রাখা হয়। এই ভারতে জঙ্গিরা যখন তখন ঢুকে নিরীহ ভারতীয়দের মেরে ফেলে, অথচ বলা হয় সীমান্ত সুরক্ষিত। এমন ভারত আমি বাস করি।’









