সম্প্রতি সমাজ মাধ্যমে অভিনেত্রী তথা ‘বিগ বস’ ১৬-র প্রতিযোগী অর্চনা গৌতমের ক্যাফ ‘ওয়ে চুরোস – এ চুরির ঘটনাটি সামনে এলো। অভিনেত্রীর এই ক্যাফেটি মুম্বইয়ের পশ্চিম আন্ধেরির ভারসোভা এলাকায় অবস্থিত। এই ঘটনার পর অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় ক্যাফের সিসিটিভি ফুটেজ শেয়ার করেছেন।
ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে অর্চনা জানান, এক ব্যক্তি তাঁর ক্যাফেতে এসে ক্যাশ কাউন্টারে চুরি করেছে। মুম্বইয়ে এত ক্যাফে থাকতেও চোর কেন তাঁর ক্যাফেকেই বেছে নিলো , তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেছেন । তিনি জানান, ভিডিওটি শেয়ার করার মূল উদ্দেশ্য হলো মানুষকে সতর্ক করা, যাতে প্রত্যেকে নিজেদের আশেপাশের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকেন।
অর্চনা আরও জানান, এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি মুম্বই পুলিশকে দ্রুত অভিযুক্তের খোঁজ করে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। অভিনেত্রী বলেন, মুম্বই সবসময় তাঁর কাছে একটি নিরাপদ শহর হিসেবে পরিচিত ছিল, তবে এই ঘটনায় তিনি যথেষ্ট মর্মাহত। তাঁর এই পোস্টে উদ্বেগ প্রকাশ করেছেন ঋধিমা পণ্ডিত এবং বেবিকা ধ্রুব সহ একাধিক তারকা ।










