অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আর্থিক অনুদান এখনও না পাওয়ার অভিযোগে বুধবার হাওড়ার বাগনান-১ ব্লক অফিসে বিক্ষোভে সামিল হলেন বহু মহিলা। এদিন বাগনানের বিভিন্ন এলাকা থেকে উপভোক্তারা বিডিও অফিসে জড়ো হয়ে সংশ্লিষ্ট দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের অভিযোগ, আবেদন করার পরও এখনও পর্যন্ত প্রকল্পের টাকা তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায়নি। ফলে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে বহু পরিবারকে।বিক্ষোভে বিজেপির স্থানীয় কয়েকজন কর্মী-সমর্থককেও অংশ নিতে দেখা যায়। তাঁদের দাবি, প্রকৃত উপভোক্তাদের দ্রুত প্রাপ্য অর্থ প্রদান করতে হবে এবং প্রশাসনকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে।বিক্ষোভের জেরে বিডিও অফিস চত্বরে কিছু সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে।পরে ঘটনাস্থলে পৌঁছান হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি দেবাশীষ সামন্ত। তিনি আন্দোলনরত মহিলাদের সঙ্গে কথা বলেন এবং প্রশাসনের কাছে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান।শেষ পর্যন্ত ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা আন্দোলন প্রত্যাহার করেন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না পেলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।










