১১ অগ্রহায়ণ ১৪৩৩ শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬

কাশ্মীরে শীতের পরশ, ডিসেম্বরে জোড়া পশ্চিমী ঝঞ্ঝায় তুষারপাতের পূর্বাভাস

High News Digital Desk:

কনকনে না হলেও, শীতে কাঁপছে কাশ্মীর উপত্যকা। শ্রীনগর, পহেলগাম-সহ কাশ্মীরের নানা স্থানে ইতিমধ্যেই হিমাঙ্কের নীচে নেমেছে তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরে মূলত শুষ্ক ও কনকনে ঠান্ডা আবহাওয়া বজায় থাকবে, তবে ৪ ডিসেম্বর থেকে পরপর দু’টি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উপত্যকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

শ্রীনগর আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহ এবং ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত কাশ্মীর ডিভিশনের অধিকাংশ জেলায় সাধারণত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে এবং শৈত্যপ্রবাহ বা তীব্র ঠান্ডার পরিস্থিতি বজায় থাকবে। তবে ৪ ডিসেম্বর থেকে আবহাওয়ার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ৪ থেকে ৬ ডিসেম্বরের মধ্যে জম্মু ও কাশ্মীরের আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টি অথবা তুষারপাত হতে পারে।

এদিকে, আগামী ৪ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে পরপর দু’টি পশ্চিমী ঝঞ্ঝা জম্মু ও কাশ্মীরে প্রভাব ফেলতে পারে। এর মধ্যে প্রথম পশ্চিমী ঝঞ্ঝাটি ৪ থেকে ৬ ডিসেম্বরের মধ্যে ওই অঞ্চলে প্রভাব ফেলবে। অন্যদিকে, দ্বিতীয় ঝঞ্ঝাটি তুলনামূলকভাবে অনেক বেশি শক্তিশালী হতে পারে, যা ৭ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে জম্মু ও কাশ্মীরের আবহাওয়াকে প্রভাবিত করবে এবং এর জেরে উপত্যকার বিভিন্ন অংশে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

Scroll to Top