এবার মহাকাব্যিক রামায়ণের পথে ট্রেন যাত্রার বিরল সুযোগ। বেশ কিছুদিন আগেই সম্পূর্ণ হয়েছিল অযোধ্যা-জনকপুর ট্রেনপথের কাজ। ভগমান রামের জন্মস্থান অযোধ্যা ধাম থেকে দেবী সীতার জন্মস্থান জনকপুর ধামের এই যাত্রা ভারত ও নেপাল উভয় দেশের জন্য ঐতিহাসিক বটেই। সম্প্রতি ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল টিকিট বুকিং। কীভাবে টিকিট কাটবেন?
অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে জনকপুর, ফিরতি পথে জনকপুর থেকে অযোধ্যা ক্যান্টনমেন্ট। সরযূ কমলা এক্সপ্রেস এই যাত্রায় ডিঙোবে ৬০৪ কিলোমিটার। সময় লাগবে প্রায় ১৯ ঘণ্টা। যাত্রাপথে ট্রেনটি গোরক্ষপুর, সীতামঢ়ি, মধুবনী-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের মধ্য দিয়ে যাবে। পূর্ব মধ্য রেলের চিফ পাবলিক রিলেশনস অফিসার সরস্বতী চন্দ্র নিশ্চিত করেছেন, ভারত ও নেপালের মধ্যে প্রথম যাত্রীবাহী ট্রেন পরিষেবার জন্য টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। শুধুমাত্র প্রতিবেশী দুই দেশের যাত্রীরাই এই ট্রেনে যাত্রা করতে পারবেন।
সপ্তাহের প্রতি সোমবার অযোধ্যা থেকে বিশেষ ট্রেন যাত্রা করবে। অন্যদিকে, জনকপুর থেকে ফিরতে ট্রেন মিলবে প্রতি শনিবার। ভারত থেকে আইআরসিটিসি ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং দেশের যে কোনও প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম কাউন্টার থেকে টিকিট বুক করা যাচ্ছে। অন্যদিকে নেপালের যাত্রীরা আইআরসিটিসি এবং অনুমোদিত এজেন্টদের মাধ্যমে টিকিট কাটতে পারবেন। ভারতের অযোধ্যা থেকে নেপালের জনকপুরগামী সরযূ কমলা এক্সপ্রেসের সর্বনিম্ন ভাড়া ৩৬৫ টাকা। এই ভাড়া স্লিপার ক্লাসের। এসি থ্রি টায়ার ইকোনমির ভাড়া ৮৮৫ টাকা, এস থ্রি টায়ারের ভাড়া ৯৬৫ টাকা, এসি টু টায়ারের ভাড় ১৩৬০ টাকা।
আগেই বলা হয়েছে, এই ট্রেনে শুধুমাত্র ভারত ও নেপালের নাগরিকরাই ভ্রমণ করতে পারবেন। কাউন্টার থেকে টিকিট কাটার সময় এবং যাত্রাপথে নাগরিকত্বের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। ট্রেনটি সম্পূর্ণ সংরক্ষিত। শুধুমাত্র কনফার্ম টিকিট দেওয়া হবে। কোনও তৎকাল, প্রিমিয়াম তৎকাল বা আরএসি টিকিটের সুবিধা থাকবে না। সর্বোচ্চ ৬০ দিন আগে অগ্রিম টিকিট বুক করা যাবে। সাপ্তাহিক জনকপুর ধাম-অযোধ্যা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস (ট্রেন নং ১৫৫৯৫)-এর নিয়মিত চলাচল ২০২৬ সালের ২৮ নভেম্বর জনকপুর ধাম থেকে শুরু হবে। অন্যদিকে, এর ফিরতি পরিষেবা (ট্রেন নং ১৫৫৯৬) ২০২৬ সালের ৩০ নভেম্বর অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে যাত্রা শুরু করবে।









