১০ অগ্রহায়ণ ১৪৩৩ বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩ বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬

২৬/১১ হামলা ভারতের সার্বভৌমত্ব ও সংবিধানের ওপর আঘাত ছিল : দেবেন্দ্র ফড়ণবিস

High News Digital Desk:

মুম্বইয়ে ২৬/১১-র জঙ্গি হামলাকে কেবল তাজ হোটেল, ট্রাইডেন্ট বা সিএসটি স্টেশনের ওপর হামলা নয়, বরং ভারতের সার্বভৌমত্ব এবং সংবিধানের ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ায় ‘মহারাষ্ট্র পুলিশ বয়েজ সংগঠন’ আয়োজিত এক বিশেষ শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি ২৬/১১-র শহিদ পুলিশকর্মী ও নিরীহ নাগরিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস বলেন, “২৬/১১-র কাপুরুষোচিত মুম্বই জঙ্গি হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের সকলের প্রতি আমরা আন্তরিক শ্রদ্ধা জানাই। এই হামলা শুধুমাত্র তাজ হোটেল, ট্রাইডেন্ট বা সিএসটি-র ওপর আক্রমণ ছিল না। এটি ছিল ভারতের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানানোর এক ঘৃণ্য অপচেষ্টা। একই সঙ্গে এটি ছিল ভারতের সংবিধানের ওপরও আক্রমণ। আপনারা জানেন, এখানে আসা জঙ্গিরা সুপরিকল্পিতভাবে এমন জায়গাগুলিই বেছে নিয়েছিল, যেখানে তারা সর্বাধিক ক্ষয়ক্ষতি ঘটাতে এবং যত বেশি সম্ভব মানুষের প্রাণ কাড়তে পারে।”

পাশাপাশি, ২৬ নভেম্বরের দ্বৈত তাৎপর্য তুলে ধরে মুখ্যমন্ত্রী ছত্রপতি শিবাজী মহারাজ এবং সংবিধানের রূপকার ভারতরত্ন ডঃ বাবাসাহেব আম্বেদকরের প্রতিও গভীর শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথি রবি পেডনেকর, অবধূত দুবালে-সহ পুলিশ পরিবারের সদস্য ও নাগরিকদের স্বাগত জানিয়ে ফডণবীস বলেন, “আমি হিন্দভি স্বরাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজী মহারাজকে প্রণাম জানাই এবং ভারতীয় সংবিধানের রূপকার ভারতরত্ন ডঃ বাবাসাহেব আম্বেদকরের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আজ ২৬ নভেম্বর—দুটি কারণে এই দিনটির গুরুত্ব অপরিসীম। প্রথমত, আজ সংবিধান দিবস। ভারতরত্ন ডঃ বাবাসাহেব আম্বেদকর বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান দেশবাসীর হাতে তুলে দিয়েছিলেন, যা পরবর্তীতে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি কার্যকর হয়েছিল।”

উল্লেখ্য, ২০০৮ সালের ভয়াবহ মুম্বই জঙ্গি হামলার বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার মুম্বই জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শহিদ জওয়ান ও নিহতদের স্মরণ করা হচ্ছে।

Scroll to Top