ডঃ মায়ঙ্ক চতুর্বেদী
২০০৮ সালের ২৬ নভেম্বরের সেই কালো রাত ভারতীয় ইতিহাসের পাতায় যেমন বারুদ, আর্তনাদ ও বীরত্বের গাথা হিসেবে লিপিবদ্ধ রয়েছে, তেমনই তা মানবিক সংবেদনশীলতা ও আদর্শিক পতনের এক ভয়াবহ চিত্রও তুলে ধরে। আমরা প্রায়ই দিনটিকে পাকিস্তাননের মদতপুষ্ট সন্ত্রাসবাদ, আমাদের নিরাপত্তাবাহিনীর অদম্য সাহস এবং ১৬৬ জনেরও বেশি নিরপরাধ মানুষের আত্মবলিদানের প্রেক্ষাপটে স্মরণ করি।
তবে এই রক্তক্ষয়ী ঘটনার আরেকটি উদ্বেগজনক দিক হলো— ইসলাম ধর্মের কথিত বিকৃত ও সংকীর্ণ ব্যাখ্যার নামে কীভাবে অল্পবয়সি যুবক ও কিশোরদের বিপথগামী করে মৃত্যুর সওদাগর বানিয়ে দেওয়া হয়। মুম্বইয়ের রাজপথে যখন এ কে-৪৭ থেকে অবিরাম গুলিবর্ষণ চলছিল, তখন যে সব তরুণরা হাতে ট্রিগার ধরেছিল, তাদের চোখে থাকার কথা ছিল আগামীর স্বপ্ন। কিন্তু তাদের মগজে ভরে দেওয়া হয়েছিল ঘৃণা এবং তথাকথিত ‘জান্নাত’-এর মিথ্যা বিষ।
এই হামলার সবচেয়ে বড় এবং জীবন্ত প্রমাণ আজমল আমির কাসবের ঘটনা। যা আদর্শগত মগজধোলাইয়ের এক জীবন্ত সাক্ষ্য। মাত্র ২১ বছর বয়সে কাসব এবং তার ৯ জন সঙ্গী, যারা প্রায় তারই সমবয়সি ছিল, এমন এক আত্মঘাতী যাত্রায় বেরিয়েছিল যেখান থেকে আর ফেরার কোনও পথ ছিল না। সন্ত্রাসী মদতদাতারা এই তরুণদের ধর্ম রক্ষার মিথ্যা পাঠ পড়িয়েছিল। লস্কর-ই-তৈবার মতো জঙ্গি সংগঠনের প্রশিক্ষণ শিবিরগুলোতে এই তরুণদের কোমল মনকে এমনভাবে আচ্ছন্ন করে ফেলা হয়েছিল যে, নিরপরাধ নারী, শিশু ও বৃদ্ধদের হত্যা করাকেই তারা এক পবিত্র কর্তব্য বলে মনে করতে শুরু করেছিল। এই ট্র্যাজেডি আমাদের ভাবতে বাধ্য করে যে, সন্ত্রাসবাদের কারখানাগুলো অস্ত্র তৈরির পাশাপাশি মনুষ্যত্বের গলা টিপে জলজ্যান্ত মানুষগুলোকে এক একটি জীবন্ত বোমায় রূপান্তরিত করে।
সন্ত্রাসবাদের এই মনস্তাত্ত্বিক দিকটি বোঝা এ কারণেও অত্যন্ত জরুরি যে, বন্দুক হাতে তুলে নেওয়া প্রতিটি তরুণ জন্মগতভাবে অপরাধী নয়। সীমান্তের ওপারে বসে থাকা সন্ত্রাসবাদের মদতদাতারা— যারা নিজেরা বিলাসবহুল প্রাসাদে নিরাপদে দিন কাটায় এবং নিজেদের সন্তানদের বিদেশে উচ্চশিক্ষা দেয়, তারাই দরিদ্র পরিবারের সন্তানদের হাতে কোরানের ভুল ও বিকৃত ব্যাখ্যা তুলে দেয়। ২৬/১১-এর হামলাকারীদের মনেও এই বিশ্বাস জাগানো হয়েছিল যে, মুম্বইয়ে রক্ত ঝরালে তারা সরাসরি জান্নাত লাভ করবে। কাসবের জবানবন্দি এবং তদন্তকারী সংস্থাগুলোর রিপোর্ট থেকে এটি স্পষ্ট হয়েছে যে, এই ছেলেদের বাইরের দুনিয়ার বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। তাদের যে ‘জিহাদ’-এর পাঠ পড়ানো হয়েছিল, তা আদতে সমগ্র মানবতারই শত্রু। তথাকথিত ইসলামী সন্ত্রাসবাদের নামে তরুণদের বিপথগামী করার এই ধারা কেবল ২০০৮ সালেই সীমাবদ্ধ থাকেনি; আজকের ডিজিটাল যুগে তা আরও ভয়ংকর রূপ নিয়েছে। আগে যেখানে জঙ্গি সংগঠনগুলোর তরুণদের মগজধোলাই করার জন্য গোপন প্রশিক্ষণ শিবিরের প্রয়োজন হতো, সেখানে আজ ইন্টারনেট ও সামাজিক মাধ্যমের হাত ধরে এই বিষ সরাসরি ঘরে ঘরে পৌঁছে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ২৬/১১-র হামলা আমাদের মনে করিয়ে দেয় যে, যখন কোনও সমাজে সঠিক দিকনির্দেশনার অভাব থাকে, তখন কট্টরপন্থী শক্তি সেই শূন্যস্থানকে ঘৃণায় ভরিয়ে দেয়। এই শক্তিগুলো ধর্মের আড়ালে যুবসমাজের শক্তিকে সৃজনশীল কাজের বদলে ধ্বংসের দিকে চালিত করে, যার ফলে আক্রান্ত দেশের ক্ষতির পাশাপাশি সেই সমাজের পুরো প্রজন্মই ধ্বংস হয়ে যায়, যেখান থেকে এই সন্ত্রাসবাদীরা তৈরি হয়।
মুম্বই হামলার সময় ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, তাজমহল প্যালেস হোটেল, ওবেরয় ট্রাইডেন্ট এবং নরিমান হাউস রক্তে ভেসে যাচ্ছিল, তখন হামলাকারীদের মুখে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না। এটি এই কথারই প্রমাণ যে, আদর্শগত উগ্রপন্থা মানুষের অনুভূতিকে কতটা ভোঁতা করে দিতে পারে। এটা এক অনস্বীকার্য সত্য যে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং সন্ত্রাসবাদী সংগঠনগুলোর যোগসাজশে এই হামলা চালানো হয়েছিল। এর পাশাপাশি এটিও একটি কঠোর সত্য যে, ভারতীয় উপমহাদেশের (দক্ষিণ এশিয়া) এই অংশে যুবকদের কট্টরপন্থা থেকে বাঁচানোর জন্য কোনও সুদৃঢ় আদর্শগত কাঠামো গড়ে তোলা যায়নি। বস্তুত ধর্মের নামে চলা হিংসাকে নির্মূল করার জন্য যতক্ষণ না ধর্মীয় পণ্ডিত, শিক্ষাবিদ ও সমাজসংস্কারকরা একসঙ্গে এগিয়ে আসবেন, ততক্ষণ কাসবের মতো হাজার হাজার যুবক এভাবেই বিপথগামী হতে থাকবে।
২৬/১১-এর বর্ষপূর্তিতে আমাদের সেই সাহসী নিরাপত্তা কর্মীদেরও শ্রদ্ধা জানানো উচিত, যাঁরা লড়াই করে নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন। তুকারাম ওম্বলে নিজের জীবন দিয়ে কাসবকে জীবন্ত ধরেছিলেন, যার ফলে বিশ্বের সামনে পাকিস্তান ও সন্ত্রাসবাদী সংগঠনগুলোর এই জঘন্য ষড়যন্ত্র ফাঁস করা সম্ভব হয়েছিল। হেমন্ত করকরে, অশোক কামতে, বিজয় সালাসকর এবং মেজর সন্দীপ উন্নিকৃষ্ণনের মতো বীরেরা প্রমাণ করেছিলেন যে, দেশ রক্ষার প্রতি তাঁদের সমর্পণ যেকোনও উগ্রপন্থার থেকেও বড়। তাঁদের আত্মবলিদান আমাদের মনে করিয়ে দেয় যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াই সীমান্তে লড়ার পাশাপাশি আদর্শগত স্তরেও লড়া উচিত।
২৬/১১ মুম্বই হামলা আমাদের একাধিক শিক্ষা দেয়। প্রথমত, আমাদের জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থাকে এতটাই দুর্ভেদ্য করতে হবে যাতে কোনও শত্রু আমাদের মাটিতে পা রাখার সাহস না দেখায়। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো— আমাদের বৈশ্বিক স্তরে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে কোনও শিশু বা যুবককে ধর্মের নামে বিপথগামী করে সন্ত্রাসের পথে ঠেলে দেওয়া না যায়। আপাতত ভারত সরকার এবং রাজ্য সরকারগুলোকেও এ বিষয়ে অত্যন্ত মনোযোগী হওয়ার প্রয়োজন রয়েছে, কারণ মাদ্রাসাগুলোতে পড়ানো অনেক বই আজও ঘৃণার বীজ বপন করছে। বাস্তবে যখন আমরা এই দিনটিকে একটি সন্ত্রাসবাদী হামলার পাশাপাশি বিপথগামী যুব প্রজন্মের মর্মান্তিক পরিণতি হিসেবেও দেখব, তখনই আমরা সন্ত্রাসবাদের শিকড়ে আঘাত করতে পারব। সঠিক মানবিক মূল্যবোধকেন্দ্রিক শিক্ষা, যুক্তিবোধ এবং মানবিক সহানুভূতির প্রসারই হলো একমাত্র হাতিয়ার, যা চরমপন্থার এই অন্ধকারকে নির্মূল করতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ দিতে পারে।









