১ অগ্রহায়ণ ১৪৩৩ মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬

জম্মু ও কাশ্মীর প্রায় স্বাভাবিক অবস্থার দোরগোড়ায়, মন্তব্য সিআরপিএফ স্পেশাল ডিজি-র

High News Digital Desk:

জম্মু ও কাশ্মীরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা নিরাপত্তা বাহিনী, প্রশাসন, সরকার এবং উপত্যকার সাধারণ মানুষের যৌথ লক্ষ্য বলে মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীর জোনের সিআরপিএফ-এর স্পেশাল ডিরেক্টর জেনারেল সন্দীপ খিরওয়ার। সোমবার শ্রীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপত্যকার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি এই তাৎপর্যপূর্ণ বার্তা দেন।

সাধারণ মানুষের সহযোগিতার প্রশংসা করে সিআরপিএফ-এর স্পেশাল ডিজি সন্দীপ খিরওয়ার বলেন, “আমি জম্মু ও কাশ্মীরের সমস্ত মানুষকে অভিনন্দন জানাতে চাই, যাঁরা উপত্যকাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন যে আমরা এখন প্রায় স্বাভাবিক অবস্থার কাছাকাছি পৌঁছে গিয়েছি।”

তবে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও আত্মতুষ্টির কোনও জায়গা নেই বলে স্পষ্ট করে দেন তিনি। সন্দীপ খিরওয়ার বলেন, “হ্যাঁ, আমাদের সামনে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে। আমরা অধিকাংশ চ্যালেঞ্জই অনেকাংশে কাটিয়ে উঠেছি, তবে সমস্ত চ্যালেঞ্জ শেষ হয়ে গিয়েছে— এমনটা বলা সমীচীন হবে না।”

অবশিষ্ট চ্যালেঞ্জগুলি মোকাবিলায় নিরাপত্তা সংস্থাগুলির সমন্বয়ের কথা তুলে ধরে তিনি আরও জানান, সমস্ত নিরাপত্তা সংস্থা ও প্রশাসন একযোগে কাজ করছে এবং অচিরেই এই বাকি চ্যালেঞ্জগুলিও পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি দৃঢ় আশাবাদী।

Scroll to Top