২৬ কার্তিক ১৪৩৩ বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩ বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ: নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিল আমেরিকা

High News Digital Desk:

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ শুরু হতে আর এক সপ্তাহ বাকি ছিল। কিন্তু তার আগেই আমেরিকা বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিল।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং সম্ভাব্য সশস্ত্র সংঘাতের ঝুঁকি বিবেচনা করে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার ফুটবল ফেডারেশন (ইউএস সকার)।

বৃহস্পতিবার জানা গেছে, বিশ্বকাপে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের চিঠি দিয়ে ফেডারেশন লিখেছে, ‘আমরা বিশ্বকাপের আগে নির্ধারিত প্রস্তুতি ক্যাম্প এবং বিশ্বকাপে আমাদের অংশগ্রহণ বাতিলের কঠিন সিদ্ধান্তের কথা জানাচ্ছি।

সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে চিঠিতে আরো লেখা হয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে, আমেরিকার পররাষ্ট্র দপ্তরের কাতার বিষয়ক তৃতীয় স্তরের ভ্রমণ সতর্কতা এবং দূতাবাসের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের জন্য জারি করা নির্দেশনা সহ বর্তমান পরিস্থিতিতে আমরা আর টুর্নামেন্টে অংশ নিতে পারছি না। খেলোয়াড় ও কর্মকর্তাদের সুস্থতা ও নিরাপত্তাই আমাদের কাছে সব সময় সর্বোচ্চ অগ্রাধিকার।’

উল্লেখ্য, ২৩ অক্টোবর কাতারের জন্য তৃতীয় স্তরের ভ্রমণ সতর্কতা জারি করে আমেরিকার বিদেশ দপ্তর। সেখানে সশস্ত্র সংঘাতের ঝুঁকির কারণে কাতার ভ্রমণ পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়। প্রতিবেশী সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার বিষয়টিও সতর্কতায় উল্লেখ করা হয়।

৪৮ দলের এই বিশ্বকাপ শুরু হওয়ার কথা ১৯ নভেম্বর। যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ ছিল ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ ছিল চিলি ও আলজেরিয়া।

Scroll to Top