স্থানীয় এক বাসিন্দার উপস্থিত বুদ্ধি ও তৎপরতায় ভয়াবহ রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শিয়ালদহ-হাসনাবাদ শাখার একটি যাত্রীবাহী ট্রেন। বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ উত্তর ২৪ পরগনার ভ্যাবলা স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনে গভীর ফাটল দেখা দেওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। বিপদ আঁচ করে দ্রুত রেলকর্মীদের সতর্ক করায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার জেরে ওই শাখায় এক ঘণ্টারও বেশি সময় ধরে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে, যার ফলে সপ্তাহের কর্মব্যস্ত দিনে চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রী ও ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা সুবল দাস জানান, এদিন সকাল সাতটা নাগাদ ওই লাইন দিয়ে একটি ট্রেনের দুটি বগি পার হওয়ার পরই তিনি লোহার পাত ফেটে যাওয়ার এক বিকট শব্দ শুনতে পান। সন্দেহ হওয়ায় দ্রুত লাইনের কাছে গিয়ে তিনি দেখেন, রেললাইনে প্রায় এক ইঞ্চি চওড়া ফাটল ধরেছে এবং পাতের একাংশ উপরের দিকে উঠে রয়েছে। পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক বুঝে তিনি বিন্দুমাত্র দেরি না করে ছুটে গিয়ে নিকটবর্তী রেলকর্মীদের খবর দেন এবং তাঁদের ঘটনাস্থলে নিয়ে এসে ফাটলটি দেখান।
খবর পাওয়া মাত্রই রেল প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকালের ব্যস্ত সময়ে দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায় বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় জমতে থাকে এবং গন্তব্যে পৌঁছতে গিয়ে চরম দুর্ভোগের মুখে পড়েন অফিসযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়ার ও রক্ষণাবেক্ষণ কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত ও সুরক্ষিত করার কাজ সম্পন্ন করা হয়। লাইনটি ট্রেন চলাচলের উপযোগী বলে নিশ্চিত হওয়ার পর পুনরায় পরিষেবা স্বাভাবিক করা হয়েছে। সুবল দাসের এই সচেতনতা ও সময়োচিত পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন সহযাত্রী থেকে শুরু করে রেল আধিকারিকরা।










