২১ কার্তিক ১৪৩৩ শনিবার ০৭ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ শনিবার ০৭ নভেম্বর ২০২৬

৩০৯ জন নতুন এসআই-কে নিয়োগপত্র প্রদান মুখ্যমন্ত্রীর, বললেন দেশই সর্বোপরি

High News Digital Desk:

কলকাতা পুলিশের নবনিযুক্ত ৩০৯ জন সাব-ইন্সপেক্টরের (এসআই) হাতে নিয়োগপত্র তুলে দিয়ে বাহিনীকে সততা, নিষ্ঠা ও কঠোর অনুশাসনের বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানান, নারী নিরাপত্তা ও মাদকাসক্তি নির্মূলের প্রশ্নে পুলিশকে সম্পূর্ণ ‘ফ্রি হ্যান্ড’ (পূর্ণ স্বাধীনতা) দেওয়া হয়েছে। এই দুই ক্ষেত্রে কাজ করার সময় কোনও বাধা এলে তিনি নিজে পুলিশের জন্য ঢাল হয়ে দাঁড়াবেন।

নতুন আধিকারিকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “যে কোনও পরিস্থিতিতেই ‘নেশন ফার্স্ট’ বা দেশকে সর্বাগ্রে স্থান দিতে হবে। সততা ও শৃঙ্খলার সঙ্গে ঊর্ধ্বতন আধিকারিকদের নির্দেশ মেনে চলাই সফল পুলিশিংয়ের চাবিকাঠি।” সময়ের গণ্ডি পেরিয়ে এবং নতুন ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র সমস্ত আইনি ধারা অক্ষরে অক্ষরে মেনে কাজ করার পরামর্শ দেন তিনি। আইনশৃঙ্খলা ভঙ্গকারীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “কেউ যদি কর্তব্যরত কোনও পুলিশকর্মীর গায়ে হাত তোলার দুঃসাহস দেখায়, তার একমাত্র জায়গা হবে জেল। একইসঙ্গে যারা সরকারি সম্পত্তি ভাঙচুর বা নষ্ট করবে, তাদের কাছ থেকে ক্ষতির তিনগুণ জরিমানা আদায় করা হবে।”

১১ কোটি জনসংখ্যার এই বৈচিত্র্যময় রাজ্যে পুলিশের কঠিন ও সংবেদনশীল দায়িত্বের ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, পাহাড়, জঙ্গলমহল থেকে শুরু করে সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপপুঞ্জ—সব মিলিয়ে বহুবিধ ভৌগোলিক ও সামাজিক চ্যালেঞ্জ সামলে পুলিশই জনজীবন স্বাভাবিক রাখে। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, বিগত বছরগুলিতে পুলিশ পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও প্রাপ্য আর্থিক নিরাপত্তা থেকে বঞ্চিত হয়েছে। তবে বর্তমান সরকার বাহিনীকে সব দিক থেকে সুরক্ষা ও মর্যাদা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বাহিনীর আধুনিকীকরণ ও উন্নত প্রশিক্ষণের লক্ষ্যে অসম পুলিশ প্রশিক্ষণ শিবিরের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির সমন্বয় আরও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

পুলিশে শূন্যপদ পূরণের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য পুলিশে ইতিমধ্যে ১১ হাজার পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। এখনও ৪৬ হাজার শূন্যপদ রয়েছে, যা পর্যায়ক্রমে দ্রুত পূরণ করা হবে। তিনি ঘোষণা করেন, আগামী দিনে কলকাতা পুলিশে বিপুল সংখ্যক মহিলা পুলিশকর্মী ও কনস্টেবল নিয়োগ করা হবে। ডিসেম্বর ও জানুয়ারির মধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু হচ্ছে। শুধু পুলিশেই নয়, রাজ্য বন দফতর ও দমকল বিভাগেও খুব শীঘ্রই ব্যাপক নিয়োগ হবে বলে আশ্বাস দেন তিনি।

Scroll to Top