২১ কার্তিক ১৪৩৩ শনিবার ০৭ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ শনিবার ০৭ নভেম্বর ২০২৬

দীপাবলির উপহার, উত্তর প্রদেশে সরকারি কর্মীদের ৫ শতাংশ ডিএ বৃদ্ধি

High News Digital Desk:

উৎসবের মরশুমে উত্তর প্রদেশের রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড় দীপাবলি উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) এক ধাক্কায় ৫৮ শতাংশ থেকে বাড়িয়ে ৬৩ শতাংশ করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। অর্থাৎ, ৫ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে।

শনিবার মুখ্যমন্ত্রী কার্যালয়ের (সিএমও) তরফে এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্ধিত এই মহার্ঘ ভাতা কার্যকর হবে বিগত ১ জুলাই, ২০২৬ থেকে। ফলে কর্মচারীরা তাঁদের নভেম্বর মাসের নিয়মিত বেতনের সঙ্গেই এই বর্ধিত ভাতার সুবিধা পাবেন। সরকারি নির্দেশিকা অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত মোট চার মাসের বকেয়া ডিএ-র অর্থ সংশ্লিষ্ট কর্মচারীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) অ্যাকাউন্টে জমা করা হবে।

মুখ্যমন্ত্রী কার্যালয় জানিয়েছে, এই মহার্ঘ ভাতা বৃদ্ধির সুফল পাবেন উত্তর প্রদেশের সমস্ত স্তরের নিয়মিত রাজ্য সরকারি কর্মচারী, সরকার-পোষিত ও অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী এবং পুরসভা ও পুরনিগম সহ সমস্ত নগর স্থানীয় সংস্থার (ইউএলবি) কর্মীরা। সরকারের এই পদক্ষেপে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মী ও তাঁদের পরিবারের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।

Scroll to Top