২০ কার্তিক ১৪৩৩ শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩ শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের

High News Digital Desk:

বছর শেষেই ভোটের দামামা বাজার সম্ভাবনা ছিল। কবে দিনক্ষণ ঘোষণা হয়, নজর ছিল সেদিকেই। কিন্তু শুক্রবার কলকাতা পুরসভার নির্বাচনী বিজ্ঞপ্তি জারির উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, নতুন করে ওয়ার্ড বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরসভার নির্বাচন নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। ফলে কলকাতা পুরভোট পিছিয়ে যেতে পারে বলেই অনুমান ওয়াকিবহাল মহলের একাংশের। কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যাবৃদ্ধির কথা জানিয়ে গত ১১ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি দেয় রাজ্য। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা হয়। মামলাকারীর হয়ে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

কলকাতা পুর এলাকার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করা হয়েছে। এই পুনর্বিন্যাস নিয়ে আপত্তি তুলে মামলা করেছিলেন সিপিএম নেত্রী দিপু দাস। হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ তাতে কোনও অন্তর্বর্তী নির্দেশ না দিয়েই দু’পক্ষের কাছে হলফনামা চেয়েছিল। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে বলেছেন। তার পরের দু’সপ্তাহের মধ্যে বক্তব্য জানাতে হবে মামলাকারীকে। সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করেই মামলাকারী ডিভিশন বেঞ্চে যান। তাঁর বক্তব্য ছিল, ছয় সপ্তাহ অপেক্ষা করলে তত দিনে পুরভোট হয়ে যাবে এবং এই মামলার আর কোনও প্রাসঙ্গিকতা থাকবে না। সেই মামলাতেই শুক্রবার অন্তর্বর্তী নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ।

Scroll to Top