১৬ কার্তিক ১৪৩৩ সোমবার ০২ নভেম্বর ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩ সোমবার ০২ নভেম্বর ২০২৬

দিল্লির সবুজ সংকেতের অপেক্ষায় বিজেপি, প্রস্তুত প্রার্থী তালিকা

High News Digital Desk:

আসন্ন পুর ও নগর সংস্থার নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা প্রস্তুত। তবে সর্বভারতীয় নেতৃত্বের অনুমোদন না মেলায় এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করা সম্ভব হচ্ছে না। দিল্লি থেকে সবুজ সংকেত পেলেই প্রার্থীদের নাম প্রকাশ করা হবে। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়।

তিনি জানান, আসন্ন নগর নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা চূড়ান্ত করার যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কিন্তু বিজেপি একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হওয়ায় প্রার্থী তালিকা ঘোষণা-সহ গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন প্রয়োজন। সেই অনুমোদন পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

প্রদেশ সভাপতি বলেন, “আমাদের সমস্ত প্রস্তুতি হয়ে গেছে। কিন্তু আমরা চাইলেই এখন প্রার্থী তালিকা ঘোষণা করতে পারব না।” কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশের অপেক্ষায় থাকার বিষয়টি স্পষ্ট করে তিনি জানান, দিল্লির অনুমোদন পেলেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে, আসন্ন নগর নির্বাচনকে সামনে রেখে রবিবার বিজেপির একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক হয়েছে। বৈঠক প্রসঙ্গে অভিষেক দেবরায় জানান, এটি দলের নিয়মিত সাংগঠনিক বৈঠক। এতে রাজ্যের মন্ত্রী, সাংসদ এবং দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বের উপস্থিতি ছিলেন।

নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনী রণকৌশল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানান তিনি। প্রার্থী তালিকা প্রকাশের আগে দলের সাংগঠনিক অবস্থান আরও সুসংহত করা এবং নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনাও বৈঠকের অন্যতম উদ্দেশ্য বলে রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, এদিন ইন্ডি জোটের কর্মসূচি এবং রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিরোধীদের বিরুদ্ধে সরব হন প্রদেশ বিজেপি সভাপতি। তাঁর অভিযোগ, বিরোধীদের কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যের চারটি জেলা থেকে লোক সমাগমের ব্যবস্থা করা হয়েছিল।

খয়েরপুরে বন্দুক নিয়ে হামলা এবং গুলি চালানোর অভিযোগ প্রসঙ্গে অভিষেক দেবরায় বলেন, এ ধরনের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে হিংসা ও অশান্তির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, রাজ্যে শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখা জরুরি।

আসন্ন পুর ও নগর সংস্থার নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। একদিকে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার প্রস্তুতি সম্পন্ন করে কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনের অপেক্ষায় রয়েছে, অন্যদিকে নির্বাচনী রণকৌশল নির্ধারণে দলীয় স্তরে চলছে আলোচনা। ফলে আগামী কয়েক দিনের মধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ এবং নির্বাচনী প্রচারের প্রস্তুতি আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।

Scroll to Top