জিএসএলভি-এফ১৮/এনভিএস-০৩ নেভিগেশন উপগ্রহ অভিযানের ঐতিহাসিক সাফল্যের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র বিজ্ঞানী ও পুরো দলকে আন্তরিক অভিনন্দন জানালেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মহাকাশ বিষয়ক প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ডঃ জিতেন্দ্র সিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই অসামান্য কীর্তিকে দেশের মহাকাশ প্রযুক্তির ক্রমবর্ধমান উৎকর্ষ ও সার্বভৌম দেশীয় নেভিগেশন সক্ষমতা বৃদ্ধির অনন্য প্রতিফলন বলে উল্লেখ করেন।
জিতেন্দ্র সিং লেখেন, “জিএসএলভি-এফ১৮/এনভিএস-০৩ অভিযানের সফল উৎক্ষেপণের জন্য ইসরো দলকে অনেক অভিনন্দন! এই উল্লেখযোগ্য সাফল্য মহাকাশ প্রযুক্তিতে ভারতের ক্রমবর্ধমান শক্তি এবং আমাদের সার্বভৌম দেশীয় নেভিগেশন সক্ষমতাকে শক্তিশালী করার অবিচল অঙ্গীকারেরই প্রতিফলন।”
তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ঘোষিত বৈপ্লবিক মহাকাশ সংস্কারের ফলে মহাকাশ ক্ষেত্রে ভারতের ধারাবাহিক সাফল্য ভারতীয় মহাকাশ কর্মসূচির দূরদর্শী রূপকার বিক্রম সারাভাই এবং সতীশ ধওয়ানের স্বপ্নকেই সার্থক করে তুলেছে। এই দিনটি সমগ্র ভারতের জন্য আরেকটি অত্যন্ত গর্বের মুহূর্ত উদযাপনের দিন বলে অভিহিত করেন কেন্দ্রীয় মন্ত্রী।










