দশমীর সন্ধ্যায় নিউটাউনের বিখ্যাত বিশ্ববাংলা গেটের ঝুলন্ত রেস্তোরাঁয় আগুন। এলাকায় খালি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বিস্তারিত কিছু প্রকাশ্যে আসেনি বলে জানা যাচ্ছে সূত্র মারফত। সকলকে নিরাপদে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে বলে খবর।বিকেল গড়িয়ে সন্ধে নামার পর হঠাৎ রেস্তোরাঁয় আগুন লাগার খবর আসে। আগুনের ফুলকি পড়তে থাকে নীচে। ধোঁয়ায় ঢেকে যেতে শুরু করে চারদিক। দ্রুত দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকলের ইঞ্জিন। খবর পেয়ে পুলিশও তড়িঘড়ি পৌঁছয়। পুজোর সময় জনবহুল ওই এলাকায় অগ্নিকাণ্ডের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মানুষের মধ্যে।পুলিশ জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বিশ্ব বাংলার ওই রেস্তোরাঁয় আগুন লাগে। সঙ্গে সঙ্গে পুলিশ এবং দমকল এসে পৌঁছয় ঘটনাস্থলে। বেশ খানিকক্ষণের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে। রেস্তোরাঁ কর্তৃপক্ষকে অডিটের কথা জানানো হয়েছে। নিয়ম মেনে পরিদর্শনও করা হবে।
ঝুলন্ত ওই রেস্তোরাঁয় আগুন লাগার পর কিছুক্ষণ ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। আগুন নিভে যাওয়ার পর আবার ট্র্যাফিক স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বলে জানানো হয়েছে পুলিশ সূত্রে।
সূত্রের খবর, ঘটনাস্থলে পৌঁছে হিডকোর সিঁড়ি ব্যবহার করে দমকলের আধিকারিকরা রেস্তোরাঁয় ওঠেন। তবে ঠিক কীভাবে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ। আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে।










