৪ কার্তিক ১৪৩৩ বৃহস্পতিবার ২১ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩ বৃহস্পতিবার ২১ অক্টোবর ২০২৬

তিন দিনের সফরে পাকিস্তানে মালদ্বীপের প্রেসিডেন্ট

High News Digital Desk:

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ইসলামাবাদে পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মহম্মদ মুইজ্জু। মঙ্গলবার রাতে তিনি স্ত্রী সাজিদা মহম্মদ এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে পাকিস্তানে পৌঁছন। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। দেওয়া হয় ২১ তোপধ্বনি।

জানা গেছে , বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনে মুইজ্জুকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। সফরকালে তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গেও বৈঠক করবেন। তাঁর সম্মানে রাষ্ট্রীয় ভোজের আয়োজন করা হবে।

পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, দুই দেশের নেতারা দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন। বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, কৃষি, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হবে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করবেন তাঁরা।

এই সফরে ‘পাকিস্তান-মালদ্বীপ বিজনেস ফোরাম’-এরও আয়োজন করা হবে। ১১ বছর পর মালদ্বীপের কোনও প্রেসিডেন্টের এটাই প্রথম রাষ্ট্রীয় পাকিস্তান সফর। দুই দেশের দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করা এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করাই এই সফরের লক্ষ্য বলে জানিয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক।

Scroll to Top