দুর্গাপূজার ষষ্ঠীর পূর্বেই জেলার ১,২৪৮ কিলোমিটার রাস্তার ক্ষয়ক্ষতি সারিয়ে তোলার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ কথা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এই সঙ্গে তিনি জানান, চাঁচল ও গাজোলকে নতুন পুরসভা করা হবে। সীমান্ত ঘেঁষা ২৯টি গ্রামকে ‘ভাইব্রেন্ট ভিলেজ’ প্রকল্পের আওতায় এনে সাজিয়ে তোলার কথাও ঘোষণা করেন তিনি।
রাজ্য সরকারি কর্মী ও সমাজকল্যাণমূলক প্রকল্পগুলির বিষয়েও একাধিক সিদ্ধান্ত জানান মুখ্যমন্ত্রী।
আগামী ১৬ অক্টোবরের আগেই সরকারি কর্মী, শিক্ষক ও পুলিশকর্মীদের অতিরিক্ত ২০ শতাংশ ডিএ সহ আগাম বেতন দেওয়া হবে।
তিনি জানান, হাসপাতালে রোগীদের দৈনিক ডায়েট চার্জ ৫৬ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে। এ ছাড়া আশা কর্মী, আইসিডিএস কর্মী ও কর্মবন্ধুদের ভাতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।











